বিজয় দিবসে আ.লীগের কর্মসূচি নেই, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বিজয় দিবসে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের তেমন কোনো কর্মসূচি ছিল না। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয়েছে দুপুরের পরে। বিষয়টি নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
আওয়ামী লীগ সূত্র জানায়, প্রতিবছর জাতীয় দিবসগুলোতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবার বিজয় দিবসে আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করেনি। এমনকি পরে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে দুপুরে পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর ভাষণও বাজানো হয়নি।
গত ২৭ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেখানে সাবেদুর রহমান খোকা সিকদারকে সভাপতি ও অনল কুমার দে-কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
শরীয়তপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মজলিশ খান বলেন, বিজয় দিবস জাতীয় দিবসের পাশাপাশি আওয়ামী লীগের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এমন দিনে দলীয়ভাবে কর্মসূচি পালন না করা দুঃখজনক। জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচন নিয়ে ব্যস্ত, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার সেলিম আকন বলেন, ‘বিজয় দিবসে দলীয় কার্যালয় খোলা হয়নি, বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়নি, এমনকি পতাকা উত্তোলন করা হয়েছে দুপুরে। এটা খুবই দুঃখজনক। আমরা সব সময় জেলা আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে যুক্ত থাকি। এ বছর আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর বলেন, বিজয় দিবসে তো কোনো কর্মসূচি পালন করা হয়নি। এমনকি এ বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কোনো কর্মসূচি জেলা আওয়ামী লীগ পালন করেনি। চার দিন পর কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকার কারণে এমন পরিস্থিতি হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ ছাড়া অন্য কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান বলেন, ‘শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা পরিষদের নির্বাচনে ব্যস্ত থাকার কারণে অন্য কোনো কর্মসূচি পালন করতে পারিনি। এ মাসের মধ্যই বিজয় দিবসের কর্মসূচি পালন করা হবে।’