বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রার ঘোষণা
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীতে শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কর্মসূচি ঘোষণা করেন। সেই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় কোনো ধরনের বাধা ছাড়া কর্মসূচি পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল। বিএনপি যথাযোগ্য মর্যাদায় বাধাহীনভাবে বিজয় দিবস পালন করতে চায়। তিনি অভিযোগ করেন, বিরোধী মতের মানুষদের গণতান্ত্রিক স্পেস নেই। বিএনপি সভা-সমাবেশ করতে পারে না। অনেক জেলায় দলের কার্যালয়েও সভা করতে দেওয়া হয় না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে—বিএনপি এমন আশা করে না। তারপরও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে দল নির্বাচনে অংশ নিচ্ছে। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশ নিতে চায়।
কর্মসূচি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচির মধ্যে আছে ১৪ ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন, একই দিন বিকেলে প্রেসক্লাবে দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হবে। বিজয় দিবসের কর্মসূচির মধ্যে আছে ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় দিবসের শোভাযাত্রা ও ১৮ ডিসেম্বর আলোচনা সভা। এ ছাড়া সারা দেশেও জেলা, মহানগর, উপজেলা বিএনপি এ ধরনের কর্মসূচি পালন করবে।