বিজয় দিবসে বিজয় র্যালি করবে আ.লীগ
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে আড়ম্বরপূর্ণ বর্ণাঢ্য র্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকায় এ র্যালিটি হবে বিকেলে সাড়ে চারটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি-৩২ নম্বর পর্যন্ত। এ জন্য দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে আজ যৌথসভা করেছেন দলের কেন্দ্রীয় নেতারা।
আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ যৌথসভা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দলটির সব পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীকে আড়ম্বরপূর্ণ বিজয় দিবস ও র্যালি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হচ্ছে। ষড়যন্ত্র-চক্রান্ত ছিন্ন করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ। এ জন্য এই বিজয় দিবসে বিজয়ের নতুন মাত্রা যোগ করবে। ভিন্ন আঙ্গিকে আড়ম্বরপূর্ণ বিজয় দিবস পালন ও বর্ণাঢ্য র্যালি করার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহতের শপথ নিতে হবে।
যৌথসভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সলান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক আবদুস সবুর, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।