বিজয় শোভাযাত্রা করতে চায় বিএনপি
বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সমাবেশ করতে চায় বিএনপি।
গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, এই কর্মসূচি পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হবে। তাঁরা আশা করছেন, এ ব্যাপারে তাঁরা সহযোগিতা পাবেন।
মির্জা ফখরুল স্বৈরাচার পতন দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও ১৭ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা করা হবে।
যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।