বিজয়ী চেয়ারম্যানকে বিজিত প্রার্থীর অভিনন্দন
সংবাদ সম্মেলন করে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী মো. মতিয়ার রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিজিত চেয়ারম্যান প্রার্থী নজরুল হক পাটোয়ারী। লালমনিরহাট শহরের পাটোয়ারী ভবনে গতকাল বৃহস্পতিবার ওই সংবাদ সম্মেলন হয়।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ১৫টি সাধারণ ওয়ার্ডে ৪৯ জন ও সংরক্ষিত ৫টি ওয়ার্ডে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে লালমনিরহাটে আওয়ামী লীগ-সমর্থিত মো. মতিয়ার রহমান ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ‘বিদ্রোহী’ প্রার্থী নজরুল হক পাটোয়ারী ১৫৫ ভোট পান।
নজরুল হক পাটোয়ারী গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচনে জয়ী হওয়ায় মো. মতিয়ার রহমানকে অভিনন্দন জানান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায় তিনি জেলা নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপারকেও ধন্যবাদ দেন। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি হাফেজ উদ্দিন প্রমুখ।
বিজয়ী চেয়ারম্যান মো. মতিয়ার রহমান ২০০৬ সাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।