বিজয়ের উন্মেষ ঘটেছিল ১৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া, যশোর, রাজবাড়ী, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বক্তারা বলেন, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা ও বিজয়ের বহিঃপ্রকাশ ঘটেছিল। কিন্তু এগুলো অঙ্কুরোদ্‌গম হয়েছিল ১৯২০ সালের ১৭ মার্চ। যেদিন জন্মেছিলেন বঙ্গবন্ধু। যাঁর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শিশুদের জন্য জঙ্গিমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুষ্টিয়ায় স্কুলে ৯৮ পাউন্ডের কেক

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ৯৮ পাউন্ড ওজনের কেক কেটে দিবসটি উদ্‌যাপন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভা। জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান প্রমুখ এতে অংশ নেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুদের খেলাধুলার ব্যবস্থাসংবলিত একটি কর্নার উদ্বোধন করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপাচার্য হারুন-উর-রশিদ আসকারী, সহ-উপাচার্য শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম তোহা প্রমুখ বক্তব্য দেন।

রাজবাড়ীতে রক্তদান কর্মসূচি

রাজবাড়ীতে দিবসটি উপলক্ষে জেলা অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন গতকাল বেলা সাড়ে ১১টায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল সিভিল সার্জনের কার্যালয়।

জেলায় দিবসটিতে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার সালমা বেগম, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ।

চুয়াডাঙ্গায় শোভাযাত্রা

চুয়াডাঙ্গায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ করে এটি শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেব প্রসাদ পাল সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন, পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।

পরে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মাগুরায় আলোচনা সভা

মাগুরা শহরের কলেজপাড়ায় জাতীয় মহিলা সংস্থার মাগুরা শাখা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার মাগুরা শাখার চেয়ারম্যান নাজমা পারভিন। প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাব। অন্যান্যের মধ্যে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা ফারহানা কিবরিয়া, সহকারী অনুষ্ঠান কর্মকর্তা শাফিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ।