বিডিআর বিদ্রোহের সময় খালেদার 'ভূমিকা' নিয়ে হানিফের প্রশ্ন
বিডিআর বিদ্রোহের সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভূমিকা জাতির কাছে সন্দেহজনক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ওই দিন সকাল আটটায় ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে কালো কাচে ঢাকা গাড়িতে বাসা থেকে বেরিয়ে গেলেন। দুই দিন তাঁর কোনো খবর ছিল না।
প্রশ্ন উত্থাপন করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এটা কেন, কী কারণে, কোথায় গিয়েছিল? এটা তো সন্দেহজনক। আমরা বারবার বলেছি, এটার তদন্ত হওয়া উচিত। তদন্ত করে কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’
দেশে গণতন্ত্র নেই বিএনপির এমন দাবি নাকচ করে দেন হানিফ। তিনি বলেন, গণতন্ত্র না থাকলে মির্জা ফখরুলেরা জনসভায় ভাষণ দেওয়ার সুযোগ পেতেন না। বিভিন্ন টিভি, টক শো ও জনসভা করে যে বক্তব্য দেওয়া হচ্ছে, ‘সরকারবিরোধী মিথ্যাচার’ করা হচ্ছে—গণতন্ত্র আছে বলেই তাঁদের এই সুযোগটা হয়েছে।
পরে কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুব উল আলম হানিফ। মেডিকেল কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান, পুলিশ সুপার প্রলয় চিসিম, মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইফতেখার মাহমুদ প্রমুখ।