বিতর্কিত ব্যক্তিকে আ.লীগের মনোনয়ন, পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিত​র্কিত এক ব্যক্তিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার এক দিন পর তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে গত বুধবার ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। তাঁর বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকায় গতকাল মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। গজনাইপুর ইউনিয়নে এখন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, গজনাইপুর ইউনিয়নে নির্বাচন আগামী ২৮ মে। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে মনোনীত ইমদাদুর রহমানের নাম কেন্দ্রে পাঠানো হয় ১৮ এপ্রিল।

তবে বুধবার কেন্দ্রীয় আওয়ামী লীগ ইমদাদুরকে বাদ দিয়ে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েরকে মনোনয়ন দেয়। মানবতাবিরোধীর অপরাধের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় সমালোচনা শুরু হয়।

উপজেলা সভাপতিকে বাদ দিয়ে আবুল খায়েরকে মনোনয়ন দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ এলাকায় বিক্ষোভ করে। পরে গতকাল আওয়ামী লীগ আবুল খায়েরের মনোনয়ন প্রত্যাহার করে নেয়।

গত বছরের ১৭ জুলাই আবুল খায়েরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন একই উপজেলার নিশাকুড়ি গ্রামের মো. মানিক মিয়া। স্থানীয় আদালত এ অভিযোগটি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠায়।