বিতর্কিত সাংসদদের মনোনয়ন দেওয়া হবে না: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ এলাকায় যাঁরা বিতর্কিত হয়ে পড়েছেন, তাঁদের আগামী নির্বাচনে মনোয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচজন সাংসদকে মনোনয়ন দেওয়া হবে না বলে ভারতের একটি বাংলা দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এ রকম কোনো লিস্ট নেই। তবে সবার এসিআর প্রধানমন্ত্রীর কাছে আছে। যাঁরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তাঁদের মনোনয়ন দেওয়া হবে না। তাঁদের বিকল্প প্রার্থী আমরা দেখছি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদীরা কিছুটা দুর্বল হলেও নিষ্ক্রিয় হয়েছে বলে বিশ্বাস করি না। তারা প্রকাশ্যে নিষ্ক্রিয়, নেপথ্যে সক্রিয়। হয়তো বড় ধরনের আরও ভয়ংকর কোনো হামলার জন্য প্রস্তুত হচ্ছে। এটা মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ। তবে তৃণমূলে কলহ আছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর মতো দলে শৃঙ্খলা ফেরানোও কঠিন লড়াই। তিনি বলেন, ‘নেত্রী দলের চেয়ে অনেক উপরে। কিন্তু দলটা অনেক দুর্বল। শেখ হাসিনার মতো শক্তিশালী নয়। সরকার শেখ হাসিনার নেতৃত্বে যতটা শক্তিশালী, দল ততটা শক্তিশালী নয়। ২০২১ সালকে টার্গেট করলে দলকে আরও গতিময় ও স্মার্ট করতে হবে। তা না হলে ডিজিটাল বাংলাদেশ হবে না।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাবেক সভাপতি আবু সুফিয়ান ও আলী আব্বাস, বিএফইউজের একাংশের সহসভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাবেক সভাপতি এজাজ ইউসুফী, সাংবাদিক এম নাসিরুল হক, চৌধুরী ফরিদ প্রমুখ।