জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে ছিনতাইকারী, যৌন নিপীড়নকারী, শিক্ষক লাঞ্ছনাকারী ও বহিষ্কৃত ছাত্রদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর কমিটির সভাপতি মো. জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক আবু সুফিযানের নাম ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, নতুন কমিটির সহসভাপতি আবু সাদাত সায়েম ও সহসম্পাদক মো. জামশেদ আলমের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগ আছে। এ ঘটনায় গত বছরের ২৭ জানুয়ারি তাঁদের দুজনকেই ছাত্রলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
সহসভাপতি মিনহাজুল আবেদীন ও মো. ইউনুস আলী ওরফে পরশের বিরুদ্ধে ক্যাম্পাসের বটতলার দোকানে বাকি খাওয়ার অভিযোগ আছে। বকেয়া পরিশোধের দাবিতে ২০১৫ সালের ২২ মার্চ দোকান বন্ধ রাখেন বটতলার দোকানদারেরা। আগের দিন ২১ মার্চ বটতলার চায়ের দোকানদার নাহিদকে মারধর করেন ছিদ্দিকুর রহমান ওরফে প্রত্যয়। তিনি নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
সহসভাপতি হামজা রহমান ওরফে অন্তর ২০১৫ সালের ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক ছাত্রীর শরীরে রং ছিটিয়ে দেন। এ ঘটনায় ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলে হামজাকে বিশ্ববিদ্যালয় থেকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হল প্রশাসনের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে ১৮ এপ্রিল অনৈতিক সুবিধা না পেয়ে শিক্ষার্থীদের উসকানি দিয়ে হল কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করে প্রশাসন।
যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ওরফে জুয়েলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের সামনে বহিরাগত এক ব্যক্তির মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন তিনিসহ আরও কয়েকজন ছাত্রলীগের কর্মী।
সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ আছে। গত বছরের ২ সেপ্টেম্বর ক্যাম্পাসসংলগ্ন ইসলামনগর বাজারে নৃবিজ্ঞান বিভাগের ছাত্র শিমুল ইসলামকে মারধর করেন তিনি। এর আগে ২৯ আগস্ট নিজ সংগঠনের কর্মী শামসুল আলমকে মারধরের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ১৮ ডিসেম্বর পুলিশে সোপর্দ করা হয় ছাত্রলীগের কর্মী শরীফ আহমেদকে। গত ১৫ ফেব্রুয়ারি প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, একই অভিযোগে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নতুন কমিটিতে তিনি উপপরিবেশবিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন।
নতুন কমিটির সহসভাপতি মো. মাজেদ ওরফে সীমান্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কুমার সাহার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া বাজারে ৩০-৪০ জন কর্মী নিয়ে গিয়ে দোকানপাট ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আছে।
১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ্র কুমারকে মারধরের অভিযোগ আছে ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান ওরফে আশিক ও কার্তিক ঘোষ ওরফে নীরবের বিরুদ্ধে। নতুন কমিটিতে তাঁরা যথাক্রমে সহসভাপতি ও আইন সম্পাদকের পদ পেয়েছেন।
২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া এক শিক্ষার্থীর বিরুদ্ধে জাল মুক্তিযোদ্ধা সনদ ব্যবহারের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০১৫ সালের এপ্রিল তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় শিক্ষা শাখার এক কর্মকর্তাকে অন্য শাখায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে ছাত্রলীগ কর্মী আলিফা আহমেদের বিরুদ্ধে। নতুন কমিটিতে তিনি কার্যকরী সদস্যের পদ পেয়েছেন।
এসব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ত্যাগীদের স্বীকৃতি দেওয়া হয়েছে এই কমিটিতে। কিছু ভুল-ত্রুটি যাঁদের আছে, তাঁদের সাবধান করে দেওয়া হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। কিন্তু সব অভিযোগ সব সময় সত্য হয় না। আমরা যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করেছি।’