‘ওয়ান-ইলেভেনের সময় মনে হয়েছিল, আর ফিরে আসতে পারব না। কিন্তু কুমিল্লাবাসী আমাকে ভোট দিয়ে মেয়র পদে নগর ভবনে বসিয়েছেন। সরকারের মন্ত্রী ও এমপিদের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় আস্থা অর্জন করতে পেরেছি। মন্ত্রণালয় থেকে দুটি তদন্ত এসেছে, কিছুই পায়নি। সরকারের লোকজন আমাকে ভিন্ন দলের মেয়র হওয়া সত্ত্বেও সার্বিকভাবে সহযোগিতা করেছে। অর্থ বরাদ্দ দিয়েছে। সুন্দরভাবে দায়িত্ব বুঝিয়ে দিতে পেরেছি, এটাই বড় কথা।’
গতকাল বুধবার সন্ধ্যায় করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের বিদায় ও নতুন প্রশাসককে বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কু এসব কথা বলেন।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন করপোরেশনের নতুন প্রশাসক ও কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. সফিকুর রহমান ভূঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ, কাউন্সিলর জমির উদ্দিন খান, সরকার মাহমুদ, মো. সোহেল, সেলিম খান, কাউছারা বেগম ও মেয়রের স্ত্রী আফরোজা জেসমিন প্রমুখ।
মনিরুল হক সাক্কু বলেন, ‘গত পাঁচ বছরে সিটি করপোরেশনের কাজের মান ভালো ছিল, তবে হয়তো ত্রুটি হতে পারে। এখন সিটি করপোরেশন বড় হয়েছে। সিটির ট্রেন চলা শুরু হয়েছে। এ ট্রেনের গতি বাড়াতে হবে। আমার সময়ে ৩৮৫ কোটি টাকার বিদেশি অনুদান এসেছে। ৭০ লাখ টাকা ব্যক্তিগত তহবিল থেকে খরচ করে নগরের উন্নয়ন করেছি। জনগণ চাইলে আবার ফিরে আসব।’
নতুন প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, ‘নতুন নির্বাচন কমিশন আগামী ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেবে। এরপর নিশ্চয়ই নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আমাকে হয়তো সর্বোচ্চ তিন মাস অথবা ছয় মাস দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে সবাইকে সহযোগিতা করতে হবে। বিদায়ী মেয়রের কোনো প্রকল্প বন্ধ হবে না। মানুষের কাছে মেয়রের আমলনামা রয়েছে। তিনি ভালো করলে আবার ফিরে আসবেন। এটাই গণতন্ত্রের রীতি।’
২০১২ সালের ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মনিরুল হক সাক্কু।