বিদেশি কূটনীতিকদের আবারও কটাক্ষ করলেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি কূটনীতিকদের আবারও কটাক্ষ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একই সঙ্গে তিনি সমালোচনা করলেন টেলিভিশন সংবাদমাধ্যমগুলোর।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বিদেশি, বিশেষত পশ্চিমা কূটনীতিকদের প্রতি বাংলাদেশের সাংবাদিকদের বাড়তি আগ্রহ দেখানোর সমালোচনা করে বলেন, এখানে (বাংলাদেশে) উচ্চ পদের কর্মকর্তারা আসেন না। তাঁরা নিজ দেশে কোনো মূল্য পান না। কিন্তু ৫০টি টিভি চ্যানেল গিয়ে তাঁদের কাছে হুমড়ি খেয়ে পড়ে। মনে হয়, তাঁরা ত্রাণকর্তা। তিনি বলেন, ‘মনে রাখবেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী শক্তিদের জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট। তবে তাতে ভারত ও বাংলাদেশ ভয় পায়নি। দেশ স্বাধীন হয়েছে।’
ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। গত শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের জবাবসহ বর্তমান পরিস্থিতিতে সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
দুই নেত্রীকে এক পাল্লায় মাপার ব্যাপারে সুশীল সমাজের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বিজ্ঞজনেরা পত্রিকায় কলাম লেখার মধ্য দিয়ে তাঁদের পরামর্শ দিতে পারেন। কিন্তু কিছুদিন পর পর একেকজন যেভাবে আসেন! মনে হয়, তিনিই বাংলাদেশের মুরব্বি। সৈয়দ আশরাফ বলেন, পরিবেশ না থাকায় বর্তমানে টক শোতে পণ্ডিত ব্যক্তিরা আসেন না। আর পণ্ডিত ব্যক্তিরা না আসায় অন্যদের নিয়ে এসে শূন্যতা পূরণ করে টিভিগুলো। এতে টেলিভিশনের মানও কমছে। পরিবেশ সৃষ্টি করলে অনেকেই টক শোতে আসবেন। সংবাদও আগের মতো হয় না। হয় খবরের অভাব, না হয় সঠিক খবরটা উপস্থাপন করা হয় না।
সংলাপ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মানুষ হত্যা ও সন্ত্রাস বন্ধ করলেই বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা তৈরি হতে পারে।
সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য থেকে যেভাবে নির্বাচন হয়েছে, আগামী দিনেও সেভাবেই হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসুন আর না আসুন, আগামী নির্বাচন সঠিক সময়েই হবে। ওই নির্বাচনের জন্য খালেদা জিয়াকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচিত সরকার ও জনগণকে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপ চাইলে মানুষ হত্যাসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। কারণ, সন্ত্রাসীদের সঙ্গে পৃথিবীর কোনো দেশ সংলাপ করে না, বাংলাদেশেও হবে না। তিনি বলেন, সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ করলে তারা দ্বিগুণ গতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের প্রশ্রয় দেওয়া হবে। তাই সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া পথ নেই।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরাও তাই করব। এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ, আওয়ামী লীগ আইন ও নিয়মে বিশ্বাসী। আর সন্ত্রাস বন্ধ করলে রাজনীতিও কলঙ্কমুক্ত হবে।’ তিনি বলেন, খালেদা জিয়া হলেন আইএস, তালেবান, আল-কায়েদা—এসব জঙ্গি সংগঠনের পক্ষের শক্তি। তিনি গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংস করতে চান। বাংলাদেশকে পোড়ামাটির দেশে পরিণত করাই তাঁর লক্ষ্য।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, হাবিবুর রহমান সিরাজ, আহমদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগেও তিনি মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ে মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশা দেশাইকে ‘দুই আনার মন্ত্রী’ ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাকে ‘কাজের মেয়ে মর্জিনা’ বলেছিলেন।