বিদেশি পরামর্শে বিএনপি নির্বাচনে যাবে না: খন্দকার মোশাররফ
বিদেশি পরামর্শে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলছেন, এই সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন বিদেশিদের সহযোগিতা চাচ্ছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক।
আজ শনিবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা বিএনপির নবগঠিত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত ৪ এপ্রিল রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সহায়তা চান। বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণমূলক গণতন্ত্র ও নির্বাচনের তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন, তাঁরা যেন বিএনপিকে বলেন নির্বাচনে যাওয়ার জন্য। এটা তো অন্য কারও বলার বিষয় নয়। আমরা মনে করি, এ দেশের মানুষ যেদিন বলবেন, তাঁরা ভোট দিতে পারবেন, তাঁদের আস্থা ফিরে এসেছে, সেদিন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।’
এই সরকার দুর্বল হয়ে পড়ায় আমেরিকায় গিয়ে ধরনা দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘নির্দলীয়–নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে। জনগণ যাদের নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করবে। এর জন্য আমেরিকায় গিয়ে ধরনা দেওয়ার অর্থ দেখি না।’
এ সময় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মোক্তাদির আহমেদ, তাহসিনা রুশদীর লুনা, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।