বিদেশি হত্যা নিয়ে সরকার ব্লেইম গেম খেলছে: নজরুল
বিদেশি নাগরিক হত্যাকাণ্ড নিয়ে সরকার ‘ব্লেইম গেম’ খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি ‘ব্লেইম গেম’ বন্ধ করার দাবি জানান।
গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে নজরুল ইসলাম খান এই অভিযোগ করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওই দোয়ার আয়োজন করে।
নজরুল ইসলাম বলেন, দুই বিদেশি হত্যার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে। খুনিদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু এখন বিএনপির ওপরই অভিযোগ চাপানোর চেষ্টা হচ্ছে।
নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে নজরুল ইসলাম বলেন, যারা সক্রিয় হবে, গণতন্ত্রের কথা বলবে, আন্দোলনের কথা বলবে, নির্বাচনের কথা বলবে, তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনির হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।