বিদেশি হত্যার তদন্ত যেন অসৎ টার্গেটে না হয়: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপিকে জড়িয়ে সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি দুরভিসন্ধি সরকারের থাকতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। দুই বিদেশি হত্যার ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার অসৎ টার্গেটে যেন তদন্ত পরিচালিত না হয়।’

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিপন এই কথা বলেন।
রিপন বলেন, ‘সরকারের বিভিন্ন মহল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত দিয়ে বিদেশে বসে ষড়যন্ত্রের অভিযোগ বারবার করার মধ্য দিয়ে আমরা আশঙ্কা করছি, অতি সম্প্রতি দুঃখজনকভাবে দুজন বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অসৎ দুরভিসন্ধি থাকতে পারে।’
রিপন আরও বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় না এনে কল্পকাহিনী প্রচার করে রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করার কৌশল হবে দুঃখজনক এবং সত্যকে ধামাচাপা দেওয়ার শামিল।

রিপন বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের ছোট ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুন নবীকে গ্রেপ্তারের পর তাঁরা আশঙ্কা করেছিলেন সোহেলকেও হয়তো হয়রানি করা হতে পারে।