
বিদেশিদের কাছে কান্নাকাটি করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতকে বাঁচানোর জন্য সব চেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া চান যেন যুদ্ধাপরাধীদের বিচার না হয়।
আজ শুক্রবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগরে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জ্বালাও পোড়াও, মানুষ হত্যা এবং বিদেশিদের কাছে কান্নাকাটি করে খালেদা জিয়া জামায়াতকে বাঁচানোর জন্য সব চেষ্টা চালাচ্ছেন। খালেদা জিয়া চান যেন যুদ্ধাপরাধীদের বিচার না হয়; ’৭৫-পরবর্তী সময়ে জিয়াউর রহমান যেভাবে বঙ্গবন্ধুর আমলে বন্দী সাড়ে ১২ হাজার যুদ্ধাপরাধীকে জেল থেকে ছেড়ে দিয়েছিল। এই শক্তিটি নিজেদের ইসলামি জাতীয়তাবাদী শক্তি বলে দাবি করে। অথচ, ১২ই রবিউল আউয়াল এবং বিশ্ব ইজতেমার দিনেও হরতাল-অবরোধ দিয়েছিল এবং বায়তুল মোকাররম মসজিদে কোরআন শরিফে আগুন দিয়ে অপরাজনীতির চেষ্টা করেছিল। তাই মুজিবনগর দিবসে এই শক্তির বিরুদ্ধে আরেকবার যুদ্ধ ঘোষণার অঙ্গীকার করতে হবে এবং যেকোনো মূল্যে জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে হবে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মুজিবনগর সরকারের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার পর পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এবং জাতীয় চার নেতাকে হত্যা করে স্বাধীনতাকে কলঙ্কিত করেছিল। সেই শক্তি আজ আবার তৎপর। তারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বার প্রাণনাশের চেষ্টা করেছিল। ২০০৪ সালে গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়। কিন্তু শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই অপশক্তির বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকরসহ জামায়াতমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আজ মুজিবনগরের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়তে আমরা জামায়াতে ইসলামীকে স্যারেন্ডার করাতে বাধ্য করব। দেশে আজ বিদ্যুৎ সমস্যা, স্বাস্থ্য সমস্যা, শিক্ষা সমস্যা দূর হয়েছে। আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যাব। যা বিরোধীদলের রাজনীতির জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচন চেয়েছেন, অবশ্যই দেশে নির্বাচন হবে। তবে সেই নির্বাচন সরকারের মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালে হবে। তার আগে কোনোভাবেই হবে না। এবং সেই নির্বাচনে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
এর আগে কেন্দ্রীয় নেতারা সরকারের পক্ষে এবং দলীয়ভাবে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ, আনসার বিজিবিসহ বিভিন্ন স্কুল কলেজের একটি প্যারেড দল কুচকাওয়াজে অংশ নিয়ে অতিথিদের সালাম প্রদান করে। এ সময় আনসার ও ভিডিপির একটি সাংস্কৃতিক দল ‘হে তারুণ্য তুমি দাঁড়াও’ শিরোনামে গণসংগীত পরিবেশন করে।
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার, রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা, নারী সাংসদ সেলিনা আক্তার বানু, মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেনসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ। সন্ধ্যায় মুজিবনগর সাংস্কৃতিক অনুষ্ঠানে সুবীর নন্দী, শাকিলা জাফরসহ অনেক শিল্পী গান পরিবেশন করেন।