বিদেশিদের কাছে ধরনা ধরে লাভ নেই: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি বিদেশমুখী হয়ে পড়েছে। কিন্তু বিদেশিদের কাছে ধরনা ধরে লাভ নেই। বিএনপির ডাকা আন্দোলন-সংগ্রামে জনগণ সাড়া দেয় না। এখন আর আন্দোলন হয় না, হয় নাশকতা, সহিংসতা।
গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার তরা সেতু টোলপ্লাজা এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহ যদি খালেদা জিয়ার অসুস্থতার খবর নিয়ে থাকেন, তবে এটা সংবাদ সম্মেলন করে বলার কী আছে! এখন তো শুনছি, টেলিফোনে অমিত শাহের সঙ্গে কোনো কথাই হয়নি। আবার মার্কিন কংগ্রেসের যে ছয়জন বিবৃতি দিয়েছেন, তাও তাঁরা অস্বীকার করেছেন। এটা রাজনীতির জন্য ভালো না, এটা দেউলিয়াপনা।’
মন্ত্রী আরও বলেন, বিএনপির নেত্রী এখন সংলাপের কথা বলেন, অথচ বিগত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহ্বানে তিনি সাড়া দেননি। গতবারও তাঁরা যেমন সহিংসতা করছেন, এবারও আন্দোলনের নামে সহিংসতা করছেন। শেখ হাসিনার ডাকে সাড়া দিলে এগুলোর প্রয়োজন ছিল না।