বিদেশিদের সঙ্গে বৈঠকে লাভ নেই, বিএনপিকে হাছান

বিদেশিদের সঙ্গে ঘন ঘন বৈঠক করে বিএনপির কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে চেতনা একাত্তর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘২০১৩ সালেও আপনারা (বিএনপি) বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঘন ঘন বৈঠক করে নির্বাচন বর্জন করেছিলেন। এর ফলে আপনাদের কি দৈন্যদশা সেটি আপনারা নিশ্চয় হারে হারে টের পাচ্ছেন। আবারও যদি ঘন ঘন বৈঠক করে এবং কারও ফাঁদে পা দিয়ে ভুল সিদ্ধান্ত নেন তাহলে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।’
জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ড. জাফর ইকবাল ভাগ্য ক্রমে বেঁচে গেছেন। হামলাকারী প্রশিক্ষণ নিয়েই পেছন থেকে হামলা করেছে। সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বিএনপি অতীতের মতো বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন।
বিএনপি জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতা দাবি করে আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, ‘আমরা হব তালেবান, বাংলা হবে আফগান’—এই স্লোগান যারা দিয়েছিল, তারাই বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক। এই জোটের অনেক দল বাংলাদেশকে একটি তালেবান রাষ্ট্র বানাতে চায়।
আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তৃতা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।