বিদেশিরা আসতে ভয় পাচ্ছে : খন্দকার মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ আতঙ্কগ্রস্ত। ঢাকায় ইতালির নাগরিক খুন হওয়ার পর থেকে এখন বিদেশিরাও এ দেশে আসতে ভয় পাচ্ছে। 

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ভাবমূর্তির সংকটে বাংলাদেশ, উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় খন্দকার মাহবুব এ কথা বলেন। মানবাধিকার পরিষদ নামের একটি সংগঠন ওই মতবিনিময় সভার আয়োজন করে।
বিচ্ছিন্নভাবে বক্তব্য না দিয়ে সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বান জানান খন্দকার মাহবুব। তিনি বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমেই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করার স্বপ্ন দেখছে সরকার। তাদের সে স্বপ্ন দীর্ঘস্থায়ী হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অনির্বাচিত প্রধানমন্ত্রী’ উল্লেখ করে তাঁর ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন খন্দকার মাহবুব হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।