বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না: নাসিম

বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, দেশের বিরুদ্ধে চক্রান্ত করা হলে খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান নাসিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫১ তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন ভালো কথা, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসুন। কিন্তু বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, চক্রান্ত করবেন না। আপনার চক্রান্ত বন্ধ করুন। আবার যদি দেশের বিরুদ্ধে চক্রান্ত করা হয়, তাহলে রাজনৈতিক ভাবে আপনাকে মোকাবিলা করা হবে।’
নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত তা সহ্য করতে পারছে না। যখন দেশের কোনো বড় অর্জন হয় তখন দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়। প্রধানমন্ত্রী যখন জাতিসংঘ অধিবেশনে গিয়ে পুরস্কার পেলেন তখন দেশে দুই বিদেশিকে হত্যা করা হলো।
নাসিম বলেন, যারা দুই বিদেশি হত্যার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা হবে। পাশাপাশি যাদের ইন্ধনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই খলনায়কদের বিচার করা হবে। কেউ অপরাধ করে পার পাবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। সবাই জন্য আইন সমান।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাস্থ্য সম্পাদক দিলীপ বায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বাদল প্রমুখ।