বিদ্যালয়ের পরীক্ষা ব্যাহত করে আ.লীগের সম্মেলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ করার তাগাদা রয়েছে জেলা শিক্ষা কার্যালয় থেকে। সে অনুযায়ী সকাল-বিকেল বগুড়া জিলা স্কুলে চলছে প্রায় দুই হাজার শিক্ষার্থীর পরীক্ষা। এরই মধ্যে স্কুলমাঠে আজ অনুষ্ঠিত হচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। শুধু এ জন্য এদিন কোনো পরীক্ষা রাখেনি কর্তৃপক্ষ। আর এই আয়োজনে কয়েক দিন ধরেই ব্যাহত হচ্ছে পরীক্ষার পরিবেশ।
পরীক্ষার পরিবেশে বিঘ্ন ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সম্মেলন শেষে বিশাল প্যান্ডেল গোটানোর কাজ চলবে বিধায় একই অবস্থা থাকবে আরও কয়েক দিন।
প্রধান শিক্ষক রমজান আলী বলেন, বিদ্যালয়ের মাঠে সম্মেলন করার অনুমতি চেয়ে জেলা আওয়ামী লীগ অনেক আগেই আবেদন করেছিল। এ জন্য পরীক্ষার সময়সূচিতে আগেভাগেই পরিবর্তন আনা হয়। বুধবার (আজ) কোনো পরীক্ষা রাখা হয়নি। তিনি দাবি করেন, ‘সম্মেলনের কারণে পরীক্ষা এক দিন পেছানো হলেও নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা শেষ করা হবে। আর মাঠে সাজসজ্জার কারণে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিজয় দিবসের কুচকাওয়াজের প্রস্তুতিসহ নানা কারণে এমনিতেই সকাল-বিকেল পরীক্ষা নেওয়া হচ্ছে। এরই মধ্যে স্কুলমাঠে চলছে রাজনৈতিক দলের সম্মেলনের আয়োজন। এ বিষয়ে প্রশাসন একেবারেই নির্বিকার। বার্ষিক পরীক্ষার মধ্যে স্কুলমাঠে এভাবে সম্মেলন করা অযৌক্তিক সিদ্ধান্ত।
বিশাল আয়োজন: সম্মেলনকে ঘিরে বিদ্যালয়ের মাঠে নির্মাণ করা হয়েছে ৩৫ হাজার নেতা-কর্মীর ধারণক্ষমতার প্যান্ডেল। তোরণ ও ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে বগুড়া শহর। শহরের সাতমাথা থেকে ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের চান্দাইকোনা সীমানা পর্যন্ত নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। তোরণ তৈরির জন্য অনেক স্থানে খোঁড়া হয়েছে মহাসড়ক।
দলীয় হিসাবেই বগুড়া শহরে অন্তত ৫০টি তোরণ নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে। তবে এসব তোরণ নির্মাণে নেওয়া হয়নি কোনো অনুমতি। একইভাবে মহাসড়কে তোরণ নির্মাণেও সড়ক ও জনপথ বিভাগ বা হাইওয়ে পুলিশের অনুমতির তোয়াক্কা করা হয়নি।
জানতে চাইলে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘শহরে যেসব তোরণ নির্মাণ করা হয়েছে, সবই সড়কজুড়ে। যানজটের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় সড়কে তোরণের বিষয়টি দেখার দায়িত্ব জেলা পুলিশের।’
তবে পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, ‘পৌরসভা এলাকায় তোরণ নির্মাণের অনুমতি নিতে হবে পৌরসভা থেকে। তোরণ নির্মাণের অনুমতি দেওয়ার দায়িত্ব পুলিশের নয়।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘শহরে সুবিধাজনক স্থানে এত বড় মাঠ নেই। তা ছাড়া সম্মেলন কাউন্সিল পর্যন্ত গড়ালে মিলনায়তনের প্রয়োজন পড়বে। জিলা স্কুলে মিলনায়তন থাকায় সব দিক বিবেচনা করে এখানেই সম্মেলন
করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পরীক্ষার কোনো ক্ষতি হবে না।’