বিদ্যালয়ে উঠান বৈঠক দুই আ.লীগ প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-মনোনীত দুই প্রার্থীর বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উঠান বৈঠক করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার কুড়ারবাজার ইউনিয়নে এবং শুক্রবার মাথিউরা ইউনিয়নে এ বৈঠক হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, প্রতীক বরাদ্দের আগের দিন গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পাঠদান শেষ করা একটি শ্রেণিকক্ষে উঠান বৈঠক করেন কুড়ারবাজার ইউপির আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ আলী। আখাখাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে উঠান বৈঠকে আখাখাজনা এলাকার ৩০-৪০ জন ভোটারসহ প্রার্থীর নির্বাচনী কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতীক বরাদ্দের পর শুক্রবার বিকেলে মাথিউরা ইউপিতে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী শিহাব উদ্দিন রায়বাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রথম উঠান বৈঠক করেন।
নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাছুম মিয়া বলেন, প্রার্থীর উঠান বৈঠকে এ দুটো বিদ্যালয় ছাড়া আরও কয়েকটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহারের চেষ্টা করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এভাবে ব্যবহার করতে না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থী যে দলেরই হোক, কাউকে সরকারি স্থাপনা ব্যবহার করতে দেওয়া হবে না।
যোগাযোগ করা হলে মাহমুদ আলী জানান, এলাকাবাসী উঠান বৈঠকের আয়োজন করেছিলেন। তিনি অবশ্য সেখানে গিয়ে বিদ্যালয়ে এ রকম বৈঠক করা ঠিক নয় জানিয়ে বৈঠক সংক্ষেপে শেষ করেছেন। আর শিহাব উদ্দিন বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে করেছিলাম। এখন থেকে আর কোনো বিদ্যালয় ব্যবহার করা হবে না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. কামাল হোসেন বলেন, প্রার্থীদের আচরণবিধিতে উঠান বৈঠক করার কথা রয়েছে। তবে এসব বৈঠক অবশ্যই বাড়ির উঠানে হতে হবে। বিদ্যালয় বা সরকারি কোনো স্থাপনা ব্যবহার করা যাবে না। নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।