বিদ্যুতের দাম কমানোর দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি পুনঃমূল্যায়ন করে বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছে বিএনপি। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোরও দাবি জানিয়েছে দলটি।


আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই দাবি জানান।


বাজেট পাস হওয়ার আগে বিদ্যুৎ​ খাতে ভর্তুকি কমানোর দাবি জানিয়ে আসাদুজ্জামান বলেন, কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সরকার যেসব কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, এতে আরও স্বচ্ছতা ও জবাবদিহি প্রয়োজন। যে সময় এসব চুক্তি করা হয়েছিল, তখনকার সময়ের চেয়ে আন্তর্জাতিক বাজারে এখন তেলের দাম অনেক কম। তাই এসব চুক্তি পুনঃমূল্যায়ন করে বিদ্যুতের দাম কমাতে হবে। বিদ্যুতের দাম কমিয়ে বাজেট পাস করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, না হলে বুঝতে হবে, সরকার দলীয় লোকদের পকেট ভারী করতে জনগণের পকেট কাটছে।


কাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পাস হওয়ার কথা। এর আগমুহূর্তে আসাদুজ্জামান বলেন, ভোটারবিহীন সংসদে বাজেট পাস হচ্ছে। এ নিয়ে বিএনপি খুব বেশি কথা না বললেও জনগণের কাছে দায়বদ্ধতার কারণে কিছু বলতে হচ্ছে। তাঁর দাবি, দেশের অর্থনীতিকে সরকার ধ্বংস করে দিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত লেজেগোবরে অবস্থার সৃষ্টি করেছেন। তাঁর সময়ে দেশের ব্যাংকগুলো তছনছ হয়ে গেছে।