বিদ্যুতের পর বিচ্ছিন্ন ডিশ-ইন্টারনেটও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জ্বালানি তেল নেওয়া হচ্ছে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা হয়। ছবি: প্রথম আলো
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জ্বালানি তেল নেওয়া হচ্ছে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা হয়। ছবি: প্রথম আলো

বিদ্যুৎ সংযোগের পর এবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কেবল টিভি ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ শনিবার খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির এ খবর নিশ্চিত করেছেন।
শাইরুল কবির জানান, ভোর রাতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে জেনারেটরের মাধ্যমে সাময়িকভাবে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়। তবে পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।
বেলা ১১টার দিকে প্রায় ৫০টির মতো ফিল্টার পানির জার এবং দুপুর পৌনে ১২টার দিকে বড় দুটি ড্রামে করে জ্বালানি তেল বিকল্প গেট দিয়ে ওই কার্যালয়ে নিয়ে যেতে দেখা গেছে। খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ১০-১২ জন পুলিশ রয়েছে। তবে সাদা পোশাকে ওই কার্যালয়ের আশপাশের এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল দিচ্ছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ওই কার্যালয়ের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ডেসকোর এক লাইনম্যান এসে গুলশান কার্যালয়ের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় তাঁর সঙ্গে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ছিলেন।

খালেদার কার্যালয়ে বিদ্যুৎ নেই, পানি আছেদিদারের ভাষ্য, ‘কার্যালয়ের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে ডেসকোর ওই লাইনম্যান বলেন, “আমরা কিছু জানি না। থানার নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসেছি”।’

যোগাযোগ করা হলে গুলশান থানার কর্তব্যরত এক কর্মকর্তা দাবি করেন, তিনি বিষয়টি জানেন না।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন খালেদা জিয়া। রয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁদের দুই মেয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ। এর বাইরে সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্য ও কার্যালয়ের কর্মচারীরা রয়েছেন।

হরতাল অবরোধ প্রত্যাহার না করলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার হুমকি দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশে তিনি এ হুমকি দেন। এরপর মধ্যরাতে ওই কার্যালয়ের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।