বিদ্যুৎ-ইন্টারনেটের সংযোগ কেটে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন-সহিংতা দমানো যাবে না। আন্দোলন-সহিংসতা থামাতে হলে সংলাপে বসতে হবে এবং এ উদ্যোগ সরকারকেই নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার দুপুরে গুড গভর্নেন্স ফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের বাস্তবতা’ শিরোনামে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বংলাদেশের প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন কারও গ্যাস, বিদ্যুৎ আর ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া নিকৃষ্ট কাজ। এভাবে রাজনৈতিক আন্দোলন থামানো যায় না। বিএনপি জোট কিন্তু এখনো মাঠ ছাড়েনি। সংলাপে না বসলে তাদের মাঠ থেকে সরানো যাবে না। সহিংসতাও থামবে না। এ ব্যাপারে সরকারকেই উদ্যোগ নিতে হবে। কারণ দেশ তারা চালাচ্ছে। ঢাকায় যানবাহন চলাচল করলেও সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।