বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর পক্ষে মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলের নেতারা বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর বিপক্ষে মত দিয়েছেন। এ ছাড়া জঙ্গিবাদ নিয়ন্ত্রণের পাশাপাশি মন্ত্রী-উপদেষ্টাদের কথাবার্তা নিয়ন্ত্রণ করতেও আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে এ মত প্রকাশ করা হয় বলে উপস্থিত সূত্রে জানা গেছে। বৈঠকে আদর্শিক জোট হিসেবে ১৪ দলকে সাংগঠনিকভাবে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে আগামী ১৫ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সারা দেশে উপজেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় একটি সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি ও কমিউনিস্ট কেন্দ্রের নেতারা বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে সাধারণ মানুষ সংকটে পড়বে। ফলে সরকার জনসমর্থন হারাতে পারে। তাঁরা দাম বাড়ানোর পরিবর্তে অপচয় রোধের প্রস্তাব করেন।
১৪ দলের শরিক নেতারা গ্যাসের অপচয় রোধে শহরের বাড়ি বাড়ি মিটার বসানোর প্রস্তাব দেন। আর বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে সিস্টেম লস কমানো ও বিদ্যুৎ চুরি ঠেকানোর পরামর্শ দেন।
নির্বাচনপদ্ধতি ঠিক করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশে এসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছে, সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। নেতারা মত প্রকাশ করেন, সংবিধানে যেভাবে নির্বাচন করার কথা বলা আছে, সেভাবেই নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের কোনো পরিবর্তন চান না তাঁরা।
সূত্র জানায়, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ এবং কমিউনিস্ট কেন্দ্রের নেতারা জঙ্গিবাদ নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জামায়াত-বিএনপি ও পশ্চিমবঙ্গের তৃণমূলের যোগসাজশের কথা পত্রপত্রিকায় এসেছে। জঙ্গিবাদের অর্থায়নের উৎস খুঁজে বের করে তা মানুষকে জানানো উচিত।
১৪ দলকে ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে জেলা এবং উপজেলা পর্যায়ে শক্তিশালী করে গড়ে তোলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। শরিক দলের নেতারা বলেন, ১৪ দলের কোনো সংঘবদ্ধ কাজ হয় না। মোহাম্মদ নাসিমকে উদ্দেশ করে তাঁরা বলেন, ‘আপনি ১৪ দলের দায়িত্ব নেওয়ার পরও তৃণমূলে জোট সংগঠিত হয়নি। ১৪ দলকে শক্তিশালী করা না হলে তা অকার্যকর জোটে রূপান্তরিত হবে।’ এ ছাড়া মন্ত্রী-উপদেষ্টাদের সতর্ক হয়ে কথা বলার আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান খান বলেন, তাঁদের কিছু কথায় বিতর্ক সৃষ্টি হচ্ছে।
পরে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদকে উৎসাহিত করেছে। তাদের কারণেই জঙ্গি চক্র বিদেশে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে। ভারতের বর্ধমান চক্রান্তের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দীপু মনি, আবদুল মান্নান খান, আবদুস সোবহান গোলাপ, রেজাউর রশিদ খান, শরীফ নূরুল আম্বিয়া, এনামুল হক, নুরুর রহমান সেলিম, কামরুল আহসান খান, অসিত বরণ রায়, নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।]