বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধি মানা যায় না: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গতকাল শুক্রবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও মহানগর নেতাদের এক সভায় তিনি এ মন্তব্য করেন। গণফোরামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ড. কামাল হোসেন বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিশুহত্যা, খুন, ক্রসফায়ার ও মাদক বেড়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অন্যদিকে বিদ্যুৎ-গ্যাস ও সিএনজির মূল্য হঠাৎ করে সরকার বাড়িয়ে দিয়েছে। মাত্র কিছুদিন আগে এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানি করে সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধি না করার। কিন্তু হঠাৎ করে সরকার জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম যেখানে কমে গেছে, সেখানে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আমরা বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীনসহ সুব্রত চৌধুরী, শান্তিপদ ঘোষ, জগলুল হায়দার, মোশতাক আহমেদ, গোলাম রব্বানী, ফরিদা ইয়াছমিন।