বিদ্যুৎ বাঁচাতে খালেদাকে দিনে বৈঠক করার পরামর্শ জাফরুল্লাহর
বিদ্যুৎ বাঁচাতে রাতের বদলে দিনের বেলা বৈঠক করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক গোলটেবিল আলোচনায় জাফরুল্লাহ চৌধুরীর এ পরামর্শ উঠে আসে। বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র: কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
জাফরুল্লাহ চৌধুরী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তাঁর পাশেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়াকে দিনের বেলা বৈঠক করার পরামর্শের পাশাপাশি প্রতি সপ্তাহে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করারও পরামর্শ দেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ারও আলো দরকার। রাতের বেলায় মিটিং করে এত বিদ্যুৎ অপচয় করা ঠিক নয়। এ মিটিংটা ওনার বিদ্যুৎ রক্ষার স্বার্থে দিনের বেলা, বিকেল বেলা করতে হবে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাধারণত রাতের বেলাতেই বেশির ভাগ দলীয় সভা করে থাকেন। তিনি গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বসেন রাতে। বেশির ভাগ সময় রাত আটটার দিকে তিনি কার্যালয়ে যান। দলের স্থায়ী কমিটির বৈঠক, জোটের নেতাদের সঙ্গে বৈঠক বা অনানুষ্ঠানিক বৈঠকগুলোও বেশির ভাগ ক্ষেত্রে রাত আটটার পরই শুরু হয়।