বিদ্যুৎ ভবনে দরপত্র নিয়ে মারামারির তদন্ত করবে ছাত্রলীগ
ঠিকাদারি কাজের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিদ্যুৎ ভবনে ছাত্রলীগ-যুবলীগের মারামারি ও গুলির ঘটনা তদন্ত করবে ছাত্রলীগ। এ জন্য দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ছাত্রসংগঠনটি।
গতকাল বুধবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের সহসভাপতি রেজাউল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ ভবনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সহসভাপতি আবদুর রহিমের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে ছাত্রলীগের আবদুর রহিমের অনুসারীদের সঙ্গে যুবলীগের মহানগর দক্ষিণ কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ ভূঁইয়ার অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়।
এ সময় গুলির ঘটনাও ঘটে। ডিপিডিসির তেজগাঁও সাব-স্টেশন ভবন সম্প্রসারণের ৩৩ লাখ টাকার ঠিকাদারি কাজ এবং মাদারটেক সাব-স্টেশনের সীমানাদেয়াল নির্মাণের জন্য ৪৪ লাখ টাকার কাজের দরপত্র জমা নিয়ে এ ধাওয়া ও মারামারি হয়।