বিশ্বের অনেক উন্নত দেশও এখন বিদ্যুৎ সাশ্রয়ের নীতি নিয়েছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী যথার্থই সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। ফ্রান্সসহ পৃথিবীর উন্নত দেশগুলোতেও এ অনুরোধ জানানো হয়েছে। সমালোচকদেরকে অনুরোধ জানাব, তারাও যাতে এ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সমসাময়িক প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।
সমালোচকদের বিশ্বপরিস্থিতির দিকে তাকানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে জ্বালানিসংকট শুরু হয়েছে। জ্বালানি ও পরিবহনের মূল্য—দুটিই অস্বাভাবিক বেড়ে গেছে। আজকে অস্ট্রেলিয়াতে লাখ লাখ পরিবারকে বলা হয়েছে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য। সেখানে কোনো অঙ্গরাজ্যে ১০ ঘণ্টা, কোনো অঙ্গরাজ্যে ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হয়েছে। ইউরোপে, যেখানে কোনো সময় বিদ্যুৎ যায় না, সেখানেও লোডশেডিং হচ্ছে। জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য ফ্রান্সের মতো দেশেও বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বলা হয়েছে।
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে বিদ্যুৎ খাত মূলত জ্বালানিনির্ভর। কয়লাভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্র পুরোপুরিভাবে উৎপাদনে আসেনি। সে কারণে সরকার গত বছর বিদ্যুৎ খাতে ২৮ হাজার কোটি টাকা ও জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এরপরও উন্নয়নশীল দেশ বাংলাদেশে প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। হারিকেন এখন সাজিয়ে রাখার বিষয়। কারণ, হারিকেনের ব্যবহার নেই। আমরা সরকার গঠন করার আগে দেশে ৪০ শতাংশের কম মানুষ বিদ্যুৎ–সুবিধা পেত। আজকে শতভাগ মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে গেছে। কিন্তু দোরগোড়ায় পৌঁছে গেলেও সেটি সাশ্রয়ীভাবে ব্যবহার করার আহ্বান কোনোভাবেই ভুল নয়। অর্থাৎ আমি যখন রুমে থাকব না, তখন বাতিটা জ্বালিয়ে রাখা বা পাখাটা চালিয়ে রাখা কখনোই সমীচীন নয়।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘হাজারটা পদ্মা সেতু বানালেও লাভ নেই, বাক্স্বাধীনতা নেই’, এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি এবং বিএনপি নেতারা তাহলে সকাল থেকে রাত পর্যন্ত বকবক করেন কীভাবে, বাক্স্বাধীনতা যদি না থাকে।’ আর ‘পদ্মা সেতু হাজারটা বানালেও লাভ হবে না’—এটি কোনো দায়িত্বশীল শীর্ষ রাজনীতিবিদের বক্তব্য হতে পারে না।