আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে ইউনেসকো যে উদ্বেগ প্রকাশ করেছিল, তা প্রত্যাহার করে নিয়েছে। সেখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি নিয়ে তাদের আর কোনো আপত্তি নেই। এতে বিদ্যুৎকেন্দ্রের বিরোধীরা এখন তাদের ভুল বুঝতে পারবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে অহেতুক কথা বলবে না।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এইচআরডব্লিউর প্রতিবেদন প্রত্যাখ্যান করার কথা জানান হাছান মাহমুদ। এ সময় দলের কেন্দ্রীয় সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ অভিযোগ করেন, হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের একটি রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করে বিতর্কিত বক্তব্য দিয়ে আসছে। এরা আসলে ‘ভাড়াটে সংগঠন’। তাঁর দাবি, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের পক্ষেই সাফাই গেয়ে চলেছে সংগঠনটি।
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ২০১৩ সাল থেকে বিরোধী দলের কর্মীসহ কয়েক শ ব্যক্তিকে অবৈধভাবে আটক করেছে। তাঁদের অনেকের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে জাতিসংঘের তদন্তকারীদের আমন্ত্রণ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।