বিদ্যুৎ- মোবাইল সংযোগ বন্ধ 'নিকৃষ্টতম পদক্ষেপ'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ, মোবাইলসহ অন্যান্য সংযোগ বন্ধ করে দেওয়া ‘নিকৃষ্টতম পদক্ষেপ’। তিনি বলেন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণের উদাহরণ কোথাও দেখা যাবে না। যা ঘটছে তা অমানবিক। যারা এসব করছে, তাদের ‘গণতন্ত্রের প্রথম পাঠ’ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন এমাজউদ্দীন আহমদ।
এমাজউদ্দীন আহমদ বলেন, পরস্পরের প্রতি এমন অশ্রদ্ধা রেখে গণতন্ত্র হয় না। তিনি বলেন, এর আগে খালেদা জিয়ার কার্যালয়ে পেপার (মরিচের গুঁড়া) স্প্রে করা হয়েছে। এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আপাতদৃষ্টিতে তাঁকে হত্যার কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, বিদ্যুৎবিচ্ছিন্নের ঘটনায় খালেদা জিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন চূড়ান্ত পর্যায় পর্যন্ত আন্দোলন চলবে। পরীক্ষার সময় হরতাল অবরোধের বিষয় নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান তিনি।
রুহুল আমিন গাজী বলেন, এ ধরনের ঘটনা কারও ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকার লঙ্ঘন। এদিকে রাত পৌনে নয়টার দিকে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন।