বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই বড় দলের একাধিক নেতা দলীয় মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ হিসেবে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমন অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীর কথা জানা গেছে। বিএনপিতে এই সংখ্যা ৫২।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় অনুষ্ঠেয় নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দুই বড় দলের প্রার্থীরা শেষ সময়ে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের বিদ্রোহীরা: ৪৮ পৌরসভায় আওয়ামী লীগের ৭০ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কয়েকটি পৌরসভায় বিদ্রোহীদের তালিকায় স্থানীয় সাংসদের ভাইও রয়েছেন। বিদ্রোহ প্রতিবাদে রূপ নেওয়ায় বরগুনার বেতাগী পৌরসভার প্রার্থী শেষ মুহূর্তে বদল করেছে আওয়ামী লীগ।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। এর বাইরে ১৪ পৌরসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদের পরিবারের সদস্যরা মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন।
অবশ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল প্রথম আলোকে বলেন, ১৩ ডিসেম্বরের পর আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। ওই দিন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। গতকাল দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু স্থানে স্বতন্ত্র প্রার্থী আছেন কৌশলগত কারণে। কারণ, নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে যদি কোনো স্থানে দলের মনোনীত প্রার্থী বাদ পড়েন, তাহলে শূন্যতা তৈরি হবে। এ জন্যই কিছু প্রার্থী স্বতন্ত্র হিসেবে আছেন।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি শেষ মুহূর্তে নির্বাচন বর্জন করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে না। তখন বিদ্রোহী প্রার্থীরাই মাঠ গরমে কাজে লাগবে।
চুয়াডাঙ্গার দর্শনাতে স্থানীয় সাংসদ আলী আজগারের ভাই পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী মনসুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই পৌরসভায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে।
আলী মনসুর প্রথম আলোকে বলেন, ৫৮ সদস্যের পৌর কমিটির ৩৮ সদস্য তাঁর নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। এ জন্য তিনি প্রার্থী হয়েছেন।
নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুজন। এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন বতর্মান মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সল। সাংসদ মামুনুর রশিদের বড় ভাই খালেদ সাইফুল্লাহ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেক বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল বাসার।
মাদারীপুরের কালকিনিতে তৃণমূলের পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় গণপদত্যাগ করেছেন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। এই পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে এনায়েত হাওলাদারকে। তিনি স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পছন্দের। তৃণমূল আওয়ামী লীগ উপজেলা সহসভাপতি আবুল কালাম আজাদের নাম প্রস্তাব করেছিল। এনায়েতের নাম তৃণমূল থেকে পাঠানোই হয়নি।
রাজবাড়ীর পাংশাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুজন। বর্তমান মেয়র ওয়াজেদ আলী মন্ডল ও তাঁর ভাই ইদ্রিস আলী মন্ডল দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওয়াজেদ মন্ডল পৌর আওয়ামী লীগের সভাপতি। আর ইদ্রিস যুবলীগের নেতা ছিলেন। এই পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবদুল আল মাসুদ।
মনোনয়ন পরিবর্তন: বেতাগীতে আলতাফ হোসেন বিশ্বাসকে প্রার্থী করে গত মঙ্গলবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সই করা চিঠি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আরেক মনোনয়ন প্রত্যাশী এ বি এম গোলাম কবিরের সমর্থকেরা বুধবার হরতাল পালন করে। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় তাতে দেখা গেছে, দলের মনোনীত প্রার্থী গোলাম কবির। তাঁর মনোনয়নের চিঠি স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান হেলিকপ্টারে করে বেতাগী নিয়ে যান। আলতাফ বিশ্বাস বলেন, তিনি মনোনয়ন বাতিলের চিঠি পেয়েছেন। তবে তা ভুলে ভরা। তিনি এই চিঠি বিশ্বাস করছেন না।
রাজশাহীর আড়ানীতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বাবলু হোসেন। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তিনি মারা যান। সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে পৌর সাংগঠনিক সম্পাদক মোক্তার আলীকে।
মন্ত্রী-সাংসদের স্বজন: জামালপুরে মাদারগঞ্জ ও সদর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের ভাই মির্জা গোলাম কিবরিয়া ও চাচা মির্জা সাখাওয়াতুল আলম। এ বিষয়ে মির্জা আজম প্রথম আলোকে বলেন, চাচা তাঁর নির্বাচনী এলাকায় নন। এ ছাড়া তিনি দুই বারের মেয়র। নিজের ভাইয়ের সম্পর্কে তিনি বলেন, পরিবারের সদস্যদের বিষয়ে তিনি আগ্রহী ছিলেন না। কিন্তু বিকল্প ভালো প্রার্থী না থাকায় বাধ্য হয়ে তাঁর ছোট ভাইয়ের নাম প্রস্তাব করেছে তৃণমূল।
পাবনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ের স্বামী ঈশ্বরদী পৌরসভায় প্রার্থী হয়েছেন। তিনি অবশ্য বর্তমান মেয়র। পাবনার ভাঙ্গুরাতে প্রার্থী সাংসদ মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন। নোয়াখালীর বসুরহাট পৌরসভায় প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র আবদুল কাদের। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই।
ভোলা সদর ও বোরহানউদ্দিনে মেয়র পদে প্রার্থী হওয়া দুই নেতা শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের ভাগনে। অবশ্য দুজনই বর্তমান মেয়র। সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বেগম আশানুর বিশ্বাস। তিনি সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদরে প্রার্থী হয়েছেন রিয়াজুল ইসলাম জোয়ার্দার। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় সাংসদ সোলায়মান হক জোয়ার্দারের ভাই।
নারায়ণগঞ্জের তারাবো পৌরসভায় প্রার্থী হয়েছেন স্থানীয় সাংসদ গাজী গোলাম দস্তগীরের স্ত্রী হাছিনা গাজী। সোনারগাঁ পৌরসভায় প্রার্থী হয়েছেন আবু তাহের ফজলে রাব্বী। তিনি আড়াইহাজারের সাংসদ নজরুল ইসলামের বোনের স্বামী।
মাদারীপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী খালিদ হোসেন। তিনি সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ভাই। কিশোরগঞ্জের বাজিতপুরের প্রার্থী হয়েছেন আনোয়ার হোসেন। তিনি স্থানীয় সাংসদ আফজাল হোসেনের ভাই।
বিএনপিতে বিদ্রোহ: ৪০টি পৌরসভায় বিএনপির ৫২ জন ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বেশির ভাগই বিএনপির জনসমর্থন-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এর মধ্যে ২৭টি পৌরসভায় জামায়াতে ইসলামীও স্বতন্ত্র প্রার্থী দিয়েছে।
গতকাল শেষ মুহূর্তে ঢাকার সাভার পৌরসভায় দলীয় প্রার্থী বদল করেছে বিএনপি। বর্তমান মেয়র রেফাত উল্লাহ নির্বাচন করতে রাজি না হওয়ায় সেখানে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামানকে প্রার্থী করা হয়েছে। রাজবাড়ী পৌরসভার বর্তমান মেয়র মো. তোফাজ্জেল হোসেন বিএনপির মনোনয়ন পাননি। পেয়েছেন জেলা বিএনপির সভাপিত আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছেলে অর্নব নেওয়াজ মাহমুদ। জানা গেছে, রাজবাড়ী উপজেলা ও পৌর বিএনপি মেয়র পদে তোফাজ্জেল হোসেনের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছিল। কেন্দ্র তাঁর নাম চূড়ান্ত করে প্রত্যয়নপত্রও প্রস্তুত করে। কিন্তু বুধবার মধ্যরাতে তা পাল্টে যায়। এ তৎপরতা টের পেয়ে বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আলী নেওয়াজ খৈয়মের বিরুদ্ধে বিক্ষোভও করে দলের একটি অংশ।
রাজশাহীর আড়ানী পৌরসভায় তৃণমূলের সুপারিশ ছিল পৌর বিএনপির আহ্বায়ক ও বর্তমান মেয়র নজরুল ইসলামের জন্য। কিন্তু কেন্দ্র মনোনয়ন দিয়েছে সাবেক সভাপতি তোজাম্মেল হোসেনকে। গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত ঠিক হয়নি বুঝতে পেরে প্রত্যয়নপত্র সংশোধনের কথা বলে তোজাম্মেলকে আবার চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা হয়। কিন্তু বিষয়টির আঁচ পেয়ে তোজাম্মেল আর আসেননি।
কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় প্রার্থী করা হয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কে এম আই খলিলকে। কিন্তু দলের স্থানীয় এক প্রভাবশালী নেতার পছন্দ ছিল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সরকার। তাঁকে মনোনয়ন দিতে ওই নেতা গুলশান কার্যালয়ে একটি চিরকুটও পাঠান। কিন্তু ততক্ষণে খলিল প্রত্যয়নপত্র নিয়ে গেছেন। এ অবস্থায় প্রত্যয়নপত্র বিলির দায়িত্বে থাকা নেতারা নুরুল আমিনকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন। এ খবর জেনে খলিলকে মুঠোফোন বন্ধ করে বাসায় না থাকার পরামর্শ দেন আরেক নেতা। এ যাত্রায় রক্ষা পান খলিল।
বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী: পার্বত্য জেলার রাঙামাটি পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে লড়তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন রবিউল ইসলাম। বীরগঞ্জে দলীয় প্রার্থী আমিরুল বাহারের বিরুদ্ধে লড়ছেন উপজেলা যুবদলের সভাপতি মো. আসাদুল ইসলাম। ভোলা সদরে হারুন অর রশিদের বিপক্ষে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মন্তাজ মিয়ার বিপক্ষে উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন, কুমিল্লার হোমনায় আবদুল লতিফের বিরুদ্ধে উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মো. হানিফ মিয়া ও উপজেলার সহসভাপতি মো. আলমগীর সরকার, কুষ্টিয়া সদরে কুতুব উদ্দিন আহমদের বিপক্ষে উপজেলা বিএনপির সহসভাপতি বশিরুল আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম উল হাসান, মিরপুরে আবদুল আজিজ খানের বিরুদ্ধে উপজেলা সভাপতি সাইফুল ইসলাম ফারুক চৌধুরী, তাঁর স্ত্রী নাসরিন ফেরদৌস ও ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ভেড়ামারায় জোট প্রার্থী (জাতীয় পার্টি, কাজী জাফর) মহিউদ্দিন বানাতের বিপক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, খোকসায় রাজু আহমদের সঙ্গে আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সদরে খন্দকার আবদুল জব্বারের বিরুদ্ধে জেলার যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মানিক, দর্শনায় মহিদুল ইসলামের সঙ্গে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, কুড়িগ্রামের উলিপুরে তারিক আবুল আলা চৌধুরীর বিপক্ষে আবদুর রাজ্জাক, বগুড়ার শিবগঞ্জে মতিয়ার রহমানের বিপক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, হবিগঞ্জ সদরে জি কে গউছের বিরুদ্ধে পৌর বিএনপির সভাপতি আমিনুর রশীদ ও জেলা শ্রমিক দলের সভাপতি এম ইসলাম তরফদার, চাঁপাইনবাবগঞ্জে আবদুল মতিনের বিরুদ্ধে পৌর বিএনপির সহসভাপতি শাহনেওয়াজ খান, টাঙ্গাইল সদরে মাহমুদুল হকের বিরুদ্ধে জাফর আহমেদ, ভূয়াপুরে আবদুল খালেক মন্ডলের বিপক্ষে জাহাঙ্গীর হোসেন, সখীপুরে নাছির উদ্দিনের বিরুদ্ধে ছানোয়ার হোসেন, যশোরের অভয়নগরে রবিউল হোসেনের বিপক্ষে জেলা বিএনপির সদস্য মশিয়ার রহমান, কেশবপুরে আবদুস সামাদ বিশ্বাসের বিপক্ষে আলমগীর কবির, বাঘারপাড়ায় আবদুল হাইয়ের বিপক্ষে আবু তাহের সিদ্দিকী, নাটোরের গুরুদাসপুরে মো. মশিউর রহমানের বিরুদ্ধে সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, জয়পুরহাটের আক্কেলপুরে রেজাউল করিমের বিরুদ্ধে বর্তমান মেয়র আলমগীর হোসেন চৌধুরী, পাবনা সদরে নূর মোহাম্মদের বিপক্ষে বর্তমান মেয়র কামরুল হাসান, সুজানগরে আজম আলী বিশ্বাসের বিপক্ষে কামল হোসেন বিশ্বাস, চাটমোহরে আবদুর রহিমের বিপক্ষে উপজেলা সহসভাপতি আবদুল মান্নান, সাঁথিয়ায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রদলের আশিক ইকবাল, মেহেরপুরের গাংনীতে ইনসারুল ইসলামের বিরুদ্ধে আসাদুজ্জামান বাবলু, রাজবাড়ীর পাংশায় চাঁদ আলী বিশ্বাসের বিপক্ষে বাহারাম হোসেন, ফরিদপুরে এনামুল কবিরের বিরুদ্ধে এমদাদুল হক, জয়পুরহাটের কালাইয়ে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে পৌর বিএনপির সহসভাপতি আনিসুর রহমান তালুকদার, রাজশাহীর মুন্ডুমালায় ফিরোজ কবিরের বিরুদ্ধে মোজাম্মেল হোসেন, পুঠিয়ায় বাবুল হোসেনের বিরুদ্ধে হাসিবুল ইসলাম ও সাইফুল ইসলাম গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তানোরে মিজানুর রহমানের বিপক্ষে বর্তমান মেয়র ফিরোজ সরকার, নওহাটায় রফিকুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হয়েছেন। চারঘাটে জাকিরুল ইসলামের বিরুদ্ধে পৌর বিএনপির সভাপতি কাইউম উদ্দিন ও গোদাগাড়ীতে আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে গোলাম কিবরিয়া বিদ্রোহী প্রার্থী হয়েছেন। চট্টগ্রামের পটিয়ায় তৌহিদুল আলমের বিপক্ষে মোহাম্মদ ইব্রাহিম, রাঙ্গুনিয়ায় হেলালউদ্দিনের বিরুদ্ধে নুরুল আমিন ও রাঙামাটিতে সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে রবিউল আলম প্রার্থী হয়েছেন।
কুষ্টিয়া সদরে বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি বশিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘সামাজিক অবস্থা ও নাগরিক অধিকার থেকে নির্বাচনে অংশ নিয়েছি।’