পৌরসভা নির্বাচনে রাজশাহীর ১৩টি পৌরসভার মাত্র চারটিতে জয়লাভ করেছে বিএনপি। অবশিষ্ট নয়টিতেই জিতেছে আওয়ামী লীগ। ২০-দলীয় জোটের বিএনপি ও জামায়াতের আলাদা প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ দলীয় কোন্দলেই দলটি রাজশাহীতে সুবিধা করে উঠতে পারেনি বলে অনুসন্ধানে জানা গেছে।
রাজশাহীর পুঠিয়া, চারঘাট, তানোর ও নওহাটা পৌরসভায় জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। আর তাহেরপুর, ভবানীগঞ্জ, দুর্গাপুর, কেশরহাট, গোদাগাড়ী, কাঁকনহাট, কাটাখালী, মুন্ডুমালা ও আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। গত নির্বাচনে ১২ পৌরসভার ছয়টিতে বিএনপি–সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু বলেন, ‘দুর্গম এলাকাগুলোয় আমাদের প্রার্থীরা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি। তাহেরপুরে আমাদের মেয়র প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ভবানীগঞ্জে আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে। মুন্ডুমালায় প্রার্থী বের হতে পারেননি। কাটাখালীর ৯ নম্বর ওয়ার্ডে ভোট গণনাই করা হয়নি, যেখানে আগে আমরা ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পেয়েছি, যেসব জায়গায় প্রশাসন মোটামুটি নিরপেক্ষ ছিল; সেখানে আমরা জিতেছি।’
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনিরুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ২৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৬১৬ ভোট। এখানে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আমিনুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৩০ ভোট। গত নির্বাচনে এই আমিনুল ইসলামই মেয়র নির্বাচিত হয়েছিলেন।
কাটাখালী পৌরসভা জামায়াত-বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিতি। গত পৌর নির্বাচনে এখানে মেয়র হয়েছিলেন জামায়াত নেতা মাজেদুর রহমান। এবার বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্বাস আলী। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৮৯ ভোট। আর জামায়াত নেতা মাজেদুর রহমান পেয়েছেন ৪ হাজার ৯৩৭ ভোট। এই পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৩ হাজার ৭২৩ ভোট।
এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, কাটাখালী ও গোদাগাড়ীতে বিএনপি-জামায়াতের ভোট বিভক্ত হয়ে যাওয়ায় একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থায় ছিল আওয়ামী লীগ। এর প্রতিফলিত ঘটে ফলাফলে।
দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত তোফাজ্জল হোসেন ৭ হাজার ৯০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী হাসানুজ্জামান পেয়েছেন ৪ হাজার ৭২৯ ভোট। বিএনপির সাইদুর রহমান ৪ হাজার ২৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। দলীয় প্রার্থী নিয়ে অন্তঃকোন্দলের কারণেই এখানে বিএনপি প্রার্থীর ভরাডুবি হয়েছে। গত বুধবার নির্বাচনের ফলাফলের পর সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও তাঁর লোকজনের অসহযোগিতার কারণেই তিনি পরাজিত হয়েছেন।
বিএনপির ‘মনোনয়নবঞ্চিত’দের ক্ষোভের প্রভাবও পড়েছে নির্বাচনে। জেলার কাঁকনহাটে ৫ হাজার ৮০৭ ভোট পেয়ে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আবদুল মজিদ মাস্টার। এখানে বিএনপির হাফিজুর রহমান ৪ হাজার ৪৮২টি ভোট পেয়েছেন। এই পৌরসভায় বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন খান। ইসমাঈল হোসেনকে মনোনয়ন না দেওয়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষেÿমাঠে নেমেছিলেন।
মোহনপুরের কেশরহাট পৌরসভায় গত নির্বাচনে বিএনপি-সমর্থিত আলাউদ্দিন আলো মেয়র নির্বাচিত হলেও এবার সেই আলাউদ্দিন পেয়েছেন মাত্র ৯৯ ভোট। নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন শহিদুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী জামায়াতের হাফিজুর রহমান আকন্দ পেয়েছেন ৪ হাজার ৯৯৬ ভোট। দলের নেতা-কর্মীরা বলছেন, বিএনপির প্রার্থী আলাউদ্দিন আলো গতবার মেয়র নির্বাচিত হওয়ার পরই জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলন। তেমন কোনো উন্নয়নও করেননি। নেতা-কর্মীরা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ফলে নির্বাচনে তাঁর ভরাডুবি হয়েছে।
বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় গত নির্বাচনে বিএনপি থেকে মেয়র নির্বাচিত হলেও এবার সেখানে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণেই এখানে জয়লাভ করে আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ১৯৮ ভোট পেয়ে মেয়র হয়েছেন মুক্তার আলী। এখানে বিএনপি মনোনীত প্রার্থী পেয়েছেন ২ হাজার ৭৫১ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩৩২ ভোট।
বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় গতবার মেয়র হয়েছিলেন বিএনপির আবদুর রাজ্জাক প্রামাণিক। এবারের নির্বাচনে তিনি ৯২৩ ভোটে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আবদুল মালেক মণ্ডল। আবদুর রাজ্জাক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৬ ভোট।