বিদ্রোহী ও জামায়াতে বেকায়দায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন বিএনপির মনোনীত মো. মাহমুদুল হক। আওয়ামী লীগের প্রার্থীকে মোকাবিলা করার পাশাপাশি তাঁকে লড়তে হচ্ছে নিজ দলেরই এক বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির জোটসঙ্গী জামায়াত-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধেও। একই মতাদর্শের এই তিনজন প্রার্থী হওয়ায় অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রশিদ।
মনোহরদীতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয়জন। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়া অন্য চার প্রার্থী হলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক, জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন, জাতীয় পার্টির নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মান্নান।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জয়নাল আবেদীনে দুই ধারায় বিভক্ত মনোহরদী বিএনপি। সাখাওয়াত বিএনপির সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত। এক-এগারোর পরবর্তী সময়ে বিএনপির হাল ধরেন জয়নাল আবেদীন। জয়নালের সমর্থকেরা বিএনপির মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে সাখাওয়াত ও তাঁর সমর্থকেরা বিএনপির মূলধারায় উপেক্ষিত। তাঁরা দুজনে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির স্থানীয় লোকদের ধারণা ছিল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও সাবেক পৌর মেয়র আবদুল খালেক জয়নালের সমর্থক হওয়ায় তিনিই মনোনয়ন পাবেন। তৃণমূল থেকে দলীয় মনোনয়নের জন্য তাঁর নামই কেন্দ্রে পাঠানো হয়। তবে সাখাওয়াত হোসেনের ব্যাপক তৎপরতায় শেষ মুহূর্তে মনোনয়ন পান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হক। এ ঘটনায় উপজেলা বিএনপি সমাবেশ ও মিছিল করে পৌর নির্বাচনে মাহমুদুল হককে প্রত্যাখ্যান করে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নির্বাচনে আবদুল খালেককে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করান।
জয়নাল আবেদীন বলেন, ‘গত নয় বছর যারা বিএনপির দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় ছিল, এমনকি দলের বিরুদ্ধাচরণ করেছে, তারাই পেল মনোনয়ন। এটা তৃণমূল নেতা-কর্মীরা মেনে নিতে পারছে না। উপজেলা ও পৌর বিএনপি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেকের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছে।’
বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের দাবির মুখেই আমি প্রার্থী হয়েছি। মূলধারার সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে কাজ করছে।’
তবে বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক বলেন, ‘জয়নাল সাহেবের পক্ষের লোকজন অর্ধেক আমার পক্ষে আর অর্ধেক খালেকের পক্ষে কাজ করছে। এতে তেমন কোনো প্রভাব পড়বে না।’
বিএনপির নিজেদের মধ্যে যখন এই অবস্থা, তখন এর সঙ্গে যোগ হয়েছে জামায়াত। জামায়াতের প্রার্থী এখন বিএনপির বাধা হয়ে দাঁড়িয়েছেন। মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে মনোহরদী পৌরসভায় জামায়াতের একজন কাউন্সিলরও ছিলেন।
জামায়াত সূত্রে জানা গেছে, এবারের পৌর নির্বাচনে মেয়র পদে শরিক দল বিএনপি থেকে জামায়াতের প্রার্থীকে সমর্থনের দাবি করে আসছিল দলটি। জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন বলেন, ‘আমাদের নিজস্ব ভোটব্যাংক রয়েছে। এতে ভালো ফলের ব্যাপারে আমি আশাবাদী।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থী এবং জামায়াতের প্রার্থী থাকায় এবার জিতে আসাটা বেশ কঠিন হয়ে পড়বে।
আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রশিদ বলেন, ‘আমি দলের একক প্রার্থী হওয়ায় নিঃসন্দেহে সুবিধাজনক অবস্থায় আছি।’