বিদ্রোহী প্রার্থী অনড়, কেন্দ্রের চেষ্টা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে নির্বাচন থেকে সরে দলীয় প্রার্থীকে সমর্থন দিতে কেন্দ্রীয় প্রতিনিধিদলের চেষ্টাও ব্যর্থ হয়েছে। তিনি অনড় অবস্থানে রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ চৌধুরীর নাম কেন্দ্রে পাঠানো হয়। তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের বন্ধু। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ এখানে প্রার্থী হিসেবে সমর্থন দেয় জেলা শাখার সহসভাপতি এইচ আর জাহিদ আনোয়ারকে। তখন ফারুক চৌধুরীর পক্ষে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন মির্জা আজমের সমর্থকেরা। তারপরও জাহিদ আনোয়ারকে বহাল রাখা হয়। জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ওপর মির্জা আজমের একচ্ছত্র আধিপত্য থাকায় দলীয় নেতারা ফারুক চৌধুরীর পক্ষেই অবস্থান নেন। এতে বেকায়দায় পড়েন জাহিদ আনোয়ার। নির্বাচনটি পরিণত হয় ‘শেখ হাসিনার প্রার্থী বনাম মির্জা আজমের প্রার্থীর’ লড়াইয়ে।
সূত্র জানায়, গত সোমবার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও সদস্য মারুফা আক্তার জামালপুরে আসেন। তাঁরা সার্কিট হাউসে বিকেল থেকে রাত পর্যন্ত দলের জেলা কমিটি এবং প্রত্যেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে বিদ্রোহী প্রার্থী ফারুক চৌধুরী যোগ দেননি। পরে ফারুক চৌধুরীর সঙ্গে দেখা করে মারুফা আক্তার তাঁকে নির্বাচন থেকে সরে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানান। তিনি তাতে রাজি হননি। পরে কেন্দ্রীয় নেতারা প্রত্যেককে কেন্দ্র-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দেন।
এ প্রসঙ্গে জাহিদ আনোয়ার পবলেন, ‘কেন্দ্রীয় নেতারা সবাইকে আমার পক্ষে মাঠে নামার নির্দেশ দিলেও তা খুব একটা কাজে আসেনি।’
আহম্মদ হোসেন বলেন, জেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে।