সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা মুকুল বিজয়ী হন। এরপর থেকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলামের কর্মী-সমর্থকদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভয়ে চারটি গ্রামের অনেক পুরুষ বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন।
হুমকি-ধমকি ও আতঙ্ক থেকে মুক্তি পেতে বলাবাড়িয়া এলাকাবাসীর পক্ষে কয়েক শ মানুষ গতকাল শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।
বলাবাড়িয়া গ্রামের দুই গৃহবধূ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম রেজার পক্ষে অবস্থান নিয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। এই দুজনের কর্মী-সমর্থকেরা তাঁদের এক প্রকার গৃহবন্দী করে রেখেছেন। এলাকার অনিমেষ সানা ও সাগর সানার নেতৃত্বে তাঁদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভয়ে মঙ্গলবার রাত থেকে তাঁদের পরিবারের পুরুষ সদস্যরা বাড়িছাড়া। এখনো বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না।
মধ্য বলাবাড়িয়া গ্রামের মল্লেবাড়ি এলাকার কয়েকজন গৃহবধূ বলেন, মোস্তাকিম ও সেলিম রেজার লোকজন হুমকি দিচ্ছেন, স্থানী বাজারে গেলে তাঁদের পরিবারের পুরুষ সদস্যদের মাথা কেটে ফেলা হবে। ৬ ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য মঙ্গল সরকার ছাড়াও সমরেশ সানা, রবিন সানা ও প্রথম সানাসহ ৪০-৫০ জন বিভিন্ন সময় দলবেঁধে বাড়ি বাড়ি এসে হুমকি-ধমকি দিচ্ছেন। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চিত্র গাইয়াখালি ও ঠাকুরাবাদ গ্রামের বেশ কয়েকজন গৃহবধূ বলেন, নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় তাঁদের স্বামী ও সন্তানেরা এখন হামলার ভয়ে বাড়িছাড়া। তাঁদের দিন কাটছে প্রচণ্ড আতঙ্কে। গাইয়াখালি গ্রামের গৌরপদ মণ্ডল ও গোবিন্দ মণ্ডল মারধরের শিকার হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলাবাড়িয়া এলাকার সুবত্র ও হাজুরাম সরদারসহ কয়েকজন বলেন, নির্বাচনের আগের রাতে নৌকা প্রার্থীর পক্ষের লোকজন তাঁদের হুমকি-ধমকি দিয়েছেন। বিদ্রোহী প্রার্থী জয়লাভ করার পর তাঁরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।
গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পিন্টু লাল মণ্ডল। তিনি বলেন, যাঁরা নৌকা প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন, তাঁদের বাড়িঘর ভাঙচুর, মারপিট, নারী ও শিশুদের লাঞ্ছিত এবং ঘেরের মাছ লুটপাটসহ এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিমের নির্দেশে ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মঙ্গল চন্দ্র মণ্ডল, সমরেশ সানা, রবীন্দ্রনাথ সানা, জনার্দন সানা, কার্তিক সরদার, মোস্তাকিমের ঘেরের কর্মচারী মনিরুল ও আছাদুল এবং স্থানীয় সুকৃতি সানা, প্রিয়ব্রত সরদার, বিশ্বজিৎ সানা, সঞ্জয় মণ্ডল, তারক চন্দ্র মণ্ডল, সঞ্জিত সানাসহ ৪০-৫০ জন আতঙ্ক সৃষ্টি করে বেড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে এ বি এম মোস্তাকিমকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়।
হুমকির অভিযোগ অস্বীকার করে মঙ্গল সরকার বলেন, তিনি ইউপি সদস্য নির্বাচন করেছিলেন। পরাজিত হয়েছেন। এখন মাথার ঠিক নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মোস্তাকিম সাহেবের লোক। নির্বাচনের আগে যাঁরা চশমা প্রতীকের কাজ করেছিলেন, তাঁরা নৌকার লোকজকে হুমকি-ধমকি দিয়েছিলেন। পরে তাঁরাই ভয়ে পালিয়েছেন।’
পরাজিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম বলেন, তাঁর পক্ষে যাঁরা কাজ করেছিলেন, তাঁদের এসব হুমকি দিচ্ছেন মোস্তাকিম ও বিজয়ী চেয়ারম্যানের লোকজন।
তবে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, কিছু যে হচ্ছে না তা ঠিক নয়, তবে অতিরঞ্জিত করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম বলেন, তিনি নৌকা প্রতীকের পক্ষে ভোট করেছেন। এলাকায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে বিরোধ হচ্ছে, জেনে তিনি এলাকায় গিয়ে সবাইকে শান্ত থাকতে বলে এসেছেন। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত না। তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে শহিদুল ইসলাম অপপ্রচার চালাচ্ছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। তবে দুজন সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে বিরোধকে কেন্দ্রে করে সামান্য হুমকি-ধমকি রয়েছে।