বিদ্রোহীদের কারণ দর্শাতে বলবে আ. লীগ
পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে যারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রোববার সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
সূত্র জানায়, আজ থেকেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ওই সব বিদ্রোহী প্রার্থীদের ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো শুরু হবে। নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে।
আওয়ামী লীগের হিসাবে, পৌরসভা নির্বাচনে তাদের দলের ৫৯ জন নেতা বিভিন্ন পৌরসভায় ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে অংশ নেন। এর মধ্যে ১৮ জন প্রার্থী জয়ী হয়েছেন। কারণ দর্শানোর নোটিশ জয়ী ও পরাজিত সবাইকেই দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আগে থেকেই বলা হচ্ছে। এর মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হলো। জবাব পাওয়ার পর নেতাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজকের বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।