বিদ্রোহীদের জয়ে অবদান ছিল সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল ও প্রশাসনিক চাপেও দমেননি আওয়ামী লীগের বিদ্রোহীরা। পৌরসভা নির্বাচনে অন্তত ১৮ জন বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। তবে এঁদের জয়ী হওয়ার পেছনে জনপ্রিয়তার পাশাপাশি স্থানীয় সাংসদ-প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতা ব্যাপক ভূমিকা রেখেছে। দু-তিনজন বিদ্রোহী প্রার্থী নিজস্ব শক্তি ও যোগ্যতার বলেই জয়ী হয়েছেন।
আওয়ামী লীগের একাধিক নেতা ও স্থানীয় সূত্রের বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে। বিদ্রোহীদের জয়ী হওয়া পৌরসভাগুলোতে দ্বিমুখী-ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, গড়ে প্রায় ৮০ শতাংশ করে ভোট পড়েছে। প্রাপ্ত ভোটের ব্যবধানও ছিল কম। যেসব পৌরসভায় বিদ্রোহীরা জয়ী হয়েছেন, সেগুলোতে নির্বাচনও হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। স্থানীয় প্রশাসন ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিদ্রোহীরা জিতলেও তাঁদের আগের মতো ‘ফুলের মালা’ দিয়ে দলে ভিড়িয়ে নেওয়ার সম্ভাবনা কম। বিদ্রোহীদের সবাইকে কেন্দ্রীয়ভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ৯ জানুয়ারি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হয়েছে। সেখানে স্থায়ী বহিষ্কারের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া যেসব মন্ত্রী-সাংসদ দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা করেছেন, তাঁদের বিষয়ে আলোচনা হতে পারে।
সূত্র আরও জানায়, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবার বিদ্রোহীদের বিষয়ে কঠোর। কারণ, আগামী জুনেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। সেই নির্বাচনেও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হবে। এবার বিদ্রোহীদের ছাড় দেওয়া হলে ইউনিয়ন পরিষদে বিদ্রোহী নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। এ জন্যই পৌর নির্বাচনের বিদ্রোহীদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন তদারক দলের নেতৃত্ব দেওয়া ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, বিদ্রোহীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দলের কার্যনির্বাহী সংসদ। তবে তাদের মদদদাতাদের বিষয়ে দল খুব কঠোর। যেসব প্রভাবশালী দলের প্রার্থীর বিপক্ষে ভূমিকা রেখেছেন, তাঁদের তালিকাসহ যাবতীয় কর্মকাণ্ডের তথ্য দলীয় সভানেত্রীর কাছে চলে গেছে। কেউ পার পাবেন না।
চুয়াডাঙ্গায় চারটি পৌরসভায় নির্বাচন হয়। এর মধ্যে সদর ও জীবননগরে জয়ী হয়েছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী। স্থানীয় সূত্রগুলো বলছে, ভুল প্রার্থী বাছাই, স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং জেলার দুই সাংসদের মধ্যে দ্বন্দ্বের কারণে বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।
চুয়াডাঙ্গা সদরের সাংসদ সোলায়মান জোয়ারদার জেলা আওয়ামী লীগের সভাপতিও। তৃণমূলের প্রার্থী বাছাইয়ের সময় সভাপতি অনেকটা একক সিদ্ধান্তে সদরে নিজের ভাই রিয়াজুল ইসলাম জোয়ারদার এবং তাঁর অনুসারী মুনশি নাসির উদ্দিনের নাম কেন্দ্রে পাঠালে তাঁদের মনোনয়নও দেওয়া হয়। কিন্তু জীবননগর ও দর্শনার সাংসদ আলী আসগর এটা মেনে নিতে পারেননি। জীবননগরে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষ নেন তিনি। বিদ্রোহী প্রার্থী বিজয়ী হন। স্থানীয় সূত্র জানায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরেই মেয়র নির্বাচন করার জন্য কাজ করছিলেন। সাংসদের পরোক্ষ সমর্থন তাঁর জয়ী হওয়াটা সহজ করে দেয়। সদরেও আলী আসগরের অনুসারী ওবায়দুর রহমান চৌধুরী জয়ী হন।
কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের একটি সূত্র জানায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার সঙ্গেও সাংসদ সোলায়মান জোয়ারদারের সম্পর্ক ভালো নয়। এ ছাড়া নির্বাচনের আগে আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জোয়ারদারের অনুসারীদের ঝামেলা হয়। ফলে পুলিশও সেখানে ক্ষুব্ধ ছিল। সব মিলিয়ে পরিবেশ-পরিস্থিতি বিদ্রোহীদের জন্য অনুকূলে চলে যায়।
জীবননগরে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত মুনশি নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, মাঠের কর্মী তাঁর সঙ্গে ছিল। সাংসদ আলী আসগরের অনুসারী কিছু নেতার বিরোধিতার কারণে জিততে পারেননি। এই বিষয়ে জানতে ফোন করলে আলী আসগরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কারিবুল হক। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তাঁকে সমর্থন করেছিলেন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী। এ জন্য জেলা আওয়ামী লীগ তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করে। তবে গোলাম রব্বানী তখন বলেছিলেন, জেলা কমিটি তাঁকে বহিষ্কারের এখতিয়ার রাখে না। এই বিষয়ে এখন কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, সেটা দেখার অপেক্ষায় স্থানীয় আওয়ামী লীগ।
ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিন সরকারের ছেলে জাহিদুল ইসলাম। সদ্য সাবেক মেয়র আনিসুজ্জামান বিদ্রোহী হিসেবে ভোট করেন। অবশেষে আনিসই জয়ী হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমানের সঙ্গে মতিন সরকারের সাপে-নেউলে সম্পর্ক। এর ফলে মতিউর রহমানের অনুসারীরা আনিসের পক্ষেই কাজ করেন। দলের কেন্দ্রীয় নেতাদেরও একটা অংশ এই পৌরসভায় ভারসাম্য আনার লক্ষ্যে নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ করে দেয়।
জানতে চাইলে মতিন সরকার প্রথম আলোকে বলেন, একজন বড় নেতার অনুসারীরা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করেছে। তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক করে এ-সংক্রান্ত প্রতিবেদন দলীয় সভানেত্রীকে দেওয়া হবে।
অবশ্য ভিন্ন ঘটনাও ঘটেছে। মানিকগঞ্জ সদরে গাজী কামরুল হুদা সেলিম জয়ী হয়েছেন জনপ্রিয়তার জোরে। এই পৌরসভায় রমজান আলী পেয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন। স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকেরও পছন্দের প্রার্থী ছিলেন তিনি। বিভিন্ন মেয়াদে প্রায় সাড়ে ২২ বছর মানিকগঞ্জের মেয়র ছিলেন। কিন্তু এবার রমজান আলী মূল প্রতিদ্বন্দ্বিতায় আসেননি, তৃতীয় হয়েছেন। দ্বিতীয় হয়েছেন বিএনপির নাসির উদ্দিন আহম্মেদ।
স্থানীয় সূত্র জানায়, গাজী কামরুল হুদা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত বছর সম্মেলনে তিনি বাদ পড়েন। কামরুল হুদা সমর্থকদের অভিযোগ, জাহিদ মালেক তাঁকে বাদ দিয়েছিলেন।
সূত্র আরও জানায়, মানিকগঞ্জ বরাবরই বিএনপি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। অতীতে দলীয় প্রতীকে ভোট হয়নি বলে রমজান বিএনপির ভোটও পেতেন। কিন্তু এবার নৌকা ও ধানের শীষের ভোট হওয়ায় তিনি এই সুবিধা পাননি। আর অন্যদিকে কামরুল হুদা মানিকগঞ্জ পৌর নাগরিক কল্যাণ সমিতি গঠন করে নাগরিকদের সুবিধা-অসুবিধা নিয়ে আন্দোলন করেছেন। ভালো সংগঠক হিসেবে আওয়ামী লীগের তৃণমূলের কর্মী-সমর্থকেরা নীরবে তাঁর পক্ষে ছিলেন। সব মিলিয়ে কামরুল জয়ী হয়েছেন। গাজী কামরুল হুদা বলেন, কিছু কিছু কারচুপি করেছে আওয়ামী লীগের প্রার্থী। কিন্তু ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিরোধের কারণে ফল ছিনিয়ে নিতে পারেনি। জনসমর্থনই তাঁকে জয়ী করেছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘটেছে মজার ঘটনা। সেখানকার সাংসদ আবদুস সাত্তারের সঙ্গে তাঁর আপন ভাতিজা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাংসদের স্ত্রীর ভাই হাবিবুর রহমান। অন্যদিকে মাহমুদ হাসানের ছোট ভাই আবুল খায়েরও আগ্রহী ছিলেন। কিন্তু সাংসদ ভাতিজার বদলে স্ত্রীর বড় ভাইয়ের পক্ষ নেন। পরে মাহমুদ হাসান নিজের ভাইকে বসিয়ে দিয়ে আবদুস সাত্তার নামে আরেকজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে দাঁড়ান। পরে বিদ্রোহী প্রার্থী জয়ী হন।
স্থানীয় সূত্র জানায়, সাংসদ ও তাঁর ভাতিজার দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে সাংসদের শ্বশুরবাড়িমুখী অবস্থান। এর জন্য গত জাতীয় সংসদ নির্বাচনে চাচার বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছিলেন মাহমুদ হাসান। মনোনয়ন না পেয়ে পরে উপজেলা পরিষদ নির্বাচন করে জয়ী হন। তখন চাচা বিরোধিতা করেছিলেন মাহমুদের। এভাবেই চাচা-ভাতিজার দ্বন্দ্ব স্থায়ী রূপ নেয়। এবার পৌর নির্বাচনে এটা আরও জোরালো হয়েছে।
নির্বাচনের আগে বরগুনা সদরের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, নড়াইলের সাংসদ কবিরুল হক ও মেহেরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেককে ফোন দিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচন তদারক দলের সমন্বয়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের একাধিকবার তাঁদের ফোনও দেন। কিন্তু তাতে কাজ হয়নি। এই তিন স্থানেই আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন। আওয়ামী লীগ সূত্র জানায়, বরগুনায় আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে ভুল করেছে। আর গাংনীতে দলীয় প্রার্থীর সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বন্দ্ব ছিল। এর সঙ্গে সাংসদ ও দলীয় নেতাদের পৃষ্ঠপোষকতা থাকায় এসব স্থানে বিদ্রোহীরা বিজয়ী হয়েছেন।
বরগুনায় সাংসদ ও তৃণমূলের পছন্দের ছিলেন সদ্য সাবেক মেয়র শাহাদাৎ হোসেন। কিন্তু দলের মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় নেতাদের পছন্দের কামরুল আহসানকে। কিন্তু ভোটের দিন এক কেন্দ্রে সংঘর্ষের সময় কামরুল আহসান পুলিশের গুলিতে আহত হন। পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
অন্যদিকে নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের পাঁচজন মেয়র প্রার্থী ছিলেন। এর মধ্যে বিজয়ী বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান ফকিরের পক্ষে নেমেছিলেন সাংসদ কবিরুল হক। সাংসদের সঙ্গে মুশফিকুরের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। তৃণমূল থেকে মুশফিকের নাম প্রস্তাবও করা হয়েছিল। শেষ পর্যন্ত সাংসদের অনুসারীরা মুশফিককে বিজয়ী করতে সহায়তা করেন।
মেহেরপুরের গাংনীতে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এম এ খালেক। কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন মকবুল হোসেন। এবার পৌর নির্বাচনে খালেক নেন বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলামের পক্ষ। আর জাতীয় নির্বাচনের বিদ্রোহী মকবুল ছিলেন দলীয় প্রার্থী আহম্মেদ হোসেনের। কিন্তু নির্বাচনে বিজয়ী হন আশরাফুল। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় প্রশাসন দলীয় প্রার্থীর ওপর ক্ষিপ্ত ছিল। ফলে সেখানে দলীয় প্রভাব খাটানোর সুযোগ পাননি প্রার্থী।
আরও যেসব স্থানে আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে ফরিদপুরের বোয়ালমারীতে মো. মোজাফফার হোসেন মিয়া, নেত্রকোনার মদনে আবদুল হান্নান তালুকদার, কিশোরগঞ্জের করিমগঞ্জে আবদুল কাইয়ুম, সিলেটের গোলাপগঞ্জে সিরাজুল জব্বার চৌধুরী ও কানাইঘাটে মো. নিজাম উদ্দিন, মৌলভীবাজারের কুলাউড়ায় শফি আলম ইউনুছ, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদেকুর রহমান, বগুড়ার ধুনটে এ জি এম বাদশা, দিনাজপুরের বিরামপুরে মো. লিয়াকত আলী সরকার।