বিদ্রোহীদের বশে আনতে পারছে না আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

পৌরসভার মেয়র পদের বিদ্রোহী প্রার্থীদের সবাইকে বশে আনতে পারছে না আওয়ামী লীগ। এখনো ৫১ জন বিদ্রোহী প্রার্থী মাঠে রয়ে গেছেন। শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে, এ আশায় অনেক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে চাইছেন। এ পরিস্থিতিতে গতকাল সোমবার দলীয় প্রার্থীদের আবারও নৌকা মার্কার প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে।
পৌরসভা নির্বাচন পরিচালনাবিধি অনুসারে, দল থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হবে, বাছাইয়ে বৈধ হলে রিটার্নিং কর্মকর্তা তাঁকেই দলীয় প্রতীক বরাদ্দ দেবেন। এ পর্যায়ে প্রতীক বরাদ্দের জন্য আলাদা চিঠির দরকার নেই।
কিন্তু ঋণখেলাপের দায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় গতকাল শরীয়তপুর সদরে ‘বিদ্রোহী প্রার্থীকে’ দলের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। এটা জানার পর অন্য এলাকার বিদ্রোহী অনেকে নিজের ভাগ্য পরিবর্তনে আশাবাদী হয়ে ওঠেন বলেও মাঠপর্যায়ে দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, যিনি প্রথম মনোনয়ন পেয়েছেন, প্রার্থিতা বৈধ হলে তিনিই দলীয় প্রতীক পাবেন। স্বতন্ত্র কেউ নতুন করে দলীয় প্রতীক বরাদ্দের চিঠি নিয়ে এলেও লাভ হবে না।
আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে মনোনয়নের ও পরে প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়। পৌরসভা নির্বাচনে এমন সুযোগ নেই। তারপরও অনেক বিদ্রোহী প্রার্থীর ধারণা শেষ সময়ে দলীয় প্রার্থী পরিবর্তন হতে পারে। এ ভুল-বোঝাবুঝি ভেঙে দেওয়ার জন্যই পুনরায় প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের হিসাব অনুযায়ী, সারা দেশে তাদের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ছিল ৭৫ জন। এঁদের মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ১৭ জন। এঁদের মধ্যে অনেকে আবার আপিলে ফিরে আসবেন বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। এর বাইরে নেতারা বুঝিয়ে যশোরে দুজন প্রার্থীকে বসাতে পেরেছেন। এখন বিদ্রোহী প্রার্থী আছেন ৫১ জন।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ৭০ শতাংশ বিদ্রোহী প্রার্থী নানা দাবি-দাওয়া ও শর্ত দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। তবে প্রত্যাহার না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।
মাঠপর্যায় থেকে জানা যাচ্ছে, কিছু কিছু পৌরসভায় বিদ্রোহীরা শক্ত অবস্থান নিয়ে আছেন। মাদারীপুরের কালকিনিতে জট খুলছেই না। আওয়ামী লীগ সেখানে স্থানীয়ভাবে তিন ভাগে বিভক্ত। ফলে প্রার্থীও তিনজন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনায়েত হোসেন। তিনি স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের লোক হিসেবে পরিচিত। এনায়েতের মনোনয়নে ক্ষুব্ধ হয়ে স্থানীয় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা গণপদত্যাগ করেছেন। পদত্যাগী নেতাদের পছন্দের প্রার্থী আবুল কালাম আজাদও স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন। আবার সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের অনুসারী মশিউর রহমানও এখানে স্বতন্ত্র প্রার্থী আছেন। এ অবস্থায় কেন্দ্রীয় আওয়ামী লীগ ঢাকায় ও মাদারীপুরে দুই দফা বৈঠক করেও কোনো সুরাহা করতে পারেনি।
রাজবাড়ীর পাংশাতে ওয়াজেদ আলী মণ্ডল ও চুয়াডাঙ্গার জীবননগরেও স্থানীয় সাংসদ আলী আজগারের ভাই আলী মনসুর বিদ্রোহী প্রার্থী হিসেবে এখনো অনড়।
নোয়াখালী অঞ্চলের একজন বিদ্রোহী প্রার্থী গতকাল এই প্রতিবেদককে বলেন, ‘শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। দলের মনোভাব তো পরিবর্তন হতেই পারে।’
এদিকে বিদ্রোহীদের বসিয়ে দিতে চাপ অব্যাহত রেখেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কোনো কোনো বিদ্রোহী প্রার্থী অভিযোগ করেছেন তাঁদের মনোনয়নপত্র উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রার্থীই ছিলেন দুজন। এঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জা ও একই দলের বিদ্রোহী প্রার্থী ফোরকান বিশ্বাস। জাতীয় পরিচয়পত্রের একই নম্বরে দুজনের সই-সংবলিত তালিকা জমা দেওয়ার কারণে বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফোরকান বিশ্বাস দাবি করেন, তিনি সঠিক নম্বরই উল্লেখ করেছিলেন। একজনের পরিচয়পত্রের সর্বশেষ ডিজিট কারসাজি করে বাতিল করা হয়েছে। তাঁকে বাদ দিয়ে দলীয় মেয়র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করার জন্যই এটা করা হয়েছে।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসে গত কয়েক দিন বিদ্রোহী প্রার্থীদের ফোন দিয়ে বোঝানো ও ঢাকায় ডেকে এনে বৈঠক করছেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আবদুস সোবহান গোলাপ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল। বিদ্রোহীদের বিষয়ে বক্তব্য জানার জন্য গতকাল এঁদের বেশ কয়েকবার ফোন দিলেও প্রথম তিনজন ফোন ধরেননি। এস এম কামাল প্রথম আলোকে বলেন, বিদ্রোহীদের মধ্যে কিছু ভুল-বোঝাবুঝি আছে। সব কেটে যাবে। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আর বিদ্রোহী থাকবে না।
তবে ধানমন্ডি কার্যালয়ের একটি সূত্র জানায়, এই চার নেতা গতকাল সেখানে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। তাঁদের মূল্যায়ন হচ্ছে, শেষ পর্যন্ত ২০ থেকে ২৫ জন বিদ্রোহী মাঠে থেকে যেতে পারেন।
প্রার্থী বদল: ঋণখেলাপি হওয়ায় শরীয়তপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। সেখানকার বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ তালুকদারকে গতকাল সন্ধ্যায় দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়।
গতকাল রাতে ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দলীয় সভানেত্রীর সই করা চিঠি পেয়েছি। একটা আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এই মর্মে। আরেকটা চিঠি নৌকা প্রতীক বরাদ্দের। আমি এখন এলাকার পথে।’
শরীয়তপুরের ডামুড্যা ও টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভাতেও আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থীরও মনোনয়ন বাতিল হয়েছে। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনে করছে, এই দুজনের প্রার্থিতা আপিলে টিকে যাবে। এ জন্য এই দুই পৌরসভায় বিকল্প প্রার্থী এখনো ভাবনায় নেই।
যুবলীগের কমিটি: পৌরসভা নির্বাচনে নিজ দলের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য আওয়ামী যুবলীগ ২৪টি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটির আহ্বায়ক সংগঠনের একজন সভাপতিমণ্ডলীর সদস্য। ১৩ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সারা দেশের শাখা কমিটি নিয়ে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছে যুবলীগ।
গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পৌরসভা নির্বাচনে যুবলীগের করণীয় নির্ধারণে এক সভায় এসব কমিটি গঠন করা হয়। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।