বিদ্রোহীদের বসাতে চাপ ও টোপ দিচ্ছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কারের ভয় দেখিয়ে চাপের পাশাপাশি কমিটিতে পদ দেওয়ার টোপ দিয়ে বিদ্রোহীদের নিবৃত্ত করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বলা হচ্ছে, যাঁরা স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন, তাঁদের যোগ্যতা অনুযায়ী দলীয় পদ দেওয়া হবে। অন্যথায় দল থেকে বহিষ্কার করা হতে পারে—এমন ভয়ও দেখানো হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, এতে কিছুটা কাজ হয়েছে। কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে এখনো অনেকে অনড় আছেন।
গতকাল শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে অন্তত চারজন কেন্দ্রীয় নেতা ফোনে বিভিন্ন এলাকার বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। এর পরিপ্রেক্ষিতে যশোরের বাঘারপাড়া পৌরসভায় ‘বিদ্রোহী প্রার্থী’ উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রউফ মনোনয়ন প্রত্যাহার করে নেন। তিনি প্রথম আলোকে বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও এস এম কামাল ফোনে রউফকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে তাঁকে মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেন।
এরই মধ্যে বিদ্রোহীদের বশে আনতে কয়েকজন সাংগঠনিক সম্পাদক শুক্রবার রাতেই নিজ নিজ এলাকায় চলে গেছেন। জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদদেরও এ কাজে লাগানো হয়েছে। এরপরও যাঁরা প্রত্যাহারে রাজি হচ্ছেন না, তাঁদের ঢাকায় ডেকে পাঠানো হচ্ছে। গতকাল কয়েকজন বিদ্রোহী প্রার্থীকে ঢাকায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ডেকে কথা বলেছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা। এঁদের একজন গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদের শ্যালক মুকিতুর রহমান। তাঁকে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করতে অনুরোধ করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমপির শালা বলে গতবারও আমাকে নির্বাচনের ১৩ দিন আগে সরে দাঁড়াতে হয়েছে। এবারও চাপ দেওয়া হচ্ছে। সিদ্ধান্তটা আমি পারিবারিকভাবে নেব।’
নোয়াখালী জেলার একজন বিদ্রোহী প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘আমি কিছু বিষয়ে এখনো দর-কষাকষি করছি। আরও অপেক্ষা করব। তবে চাপ সামলাতে পারব কি না বুঝতে পারছি না।’
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা জানান, উত্তরবঙ্গের একজন বিদ্রোহী প্রার্থী বলেছেন, ‘সম্মান’ দেওয়া হলে সরে দাঁড়াবেন। তা না হলে তাঁর রাজনীতি থাকে না। এই অবস্থায় তাঁকে বলা হয়েছে, সরে দাঁড়ালে পরে উপজেলা বা পৌর কমিটিতে তাঁকে ভালো পদ দেওয়া হবে।
মাদারীপুরের কালকিনি পৌরসভায় আবুল কালাম আজাদকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন স্থানীয় নেতারা। কিন্তু দলীয় মনোনয়ন পান এনায়েত হাওলাদার। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা পদত্যাগ করেন। তাঁদের সঙ্গে শুক্রবার স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আরেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল মাদারীপুরের টেকেরহাটে বৈঠক করেন। বৈঠকে পদত্যাগী নেতা ও জেলা নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে হাতাহাতিরও উপক্রম হয়। পরে ঢাকায় বৈঠক করার সিদ্ধান্ত হয়।
কেন্দ্র থেকে ফোন আসতে পারে—এই আশঙ্কায় মুঠোফোন বন্ধ রেখেছেন রাজবাড়ীর পাংশায় বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মণ্ডল। তাঁর ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, কোনো চাপেই তাঁর ভাই প্রার্থিতা প্রত্যাহার করবেন না।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, ওয়াজেদ মণ্ডলের ১১ ভাইয়ের সবাই কোনো না কোনো পদে আছেন। পারিবারিক দাপটের কারণে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। দুই পক্ষের মধ্যে একটা রফা করার জন্য স্থানীয় সাংসদ জিল্লুল হাকিমকে নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনাতে স্থানীয় সাংসদ আলী আজগারের ভাই আলী মনসুর বিদ্রোহী প্রার্থী। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি প্রার্থিতা প্রত্যাহার করব না। আমাকে কেন্দ্র থেকে কেউ বলেননি।’
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, বিদ্রোহী প্রার্থী ঠেকাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সইয়ে মনোনয়নের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কিছু কিছু স্থানে সাংসদদের আত্মীয় ও দলের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা দাঁড়িয়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন কেন্দ্রীয় নেতারা।
বিদ্রোহীদের বশে আনার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে ৭৫ জন দলীয় নেতা-কর্মী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। আমি নিজেও অনেককে ফোন করেছি। বৈঠক করছি। অন্য নেতারাও চেষ্টা করছে। বিদ্রোহী কেউ থাকবে না।’
পদ-পদবির লোভ দেখানো হচ্ছে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘দল করলে শৃঙ্খলা মানতে হবে, এটাই বলছি। প্রতিশ্রুতির বেলুন ওড়াব না।’