বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছে না আওয়ামী লীগ
পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাঁদের মদদদাতাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলেও দলটি তা করেনি। বিদ্রোহী প্রার্থীদের স্থায়ী বহিষ্কারের জন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। বিদ্রোহীদের মদদদাতা সাংসদ-নেতাদের বিষয়ে দলীয় তদন্তের বিষয়টিও আর এগোয়নি।
দলের একাধিক দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনের আগে দল কোন্দল বাড়াতে চায় না। তবে বিদ্রোহী প্রার্থী ও মদদদাতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া বা না–নেওয়া দুটিই ঝামেলার বিষয়। ব্যবস্থা নিলে তৃণমূলে কোন্দল তৈরি হবে। আর না নিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচুর বিদ্রোহী দাঁড়িয়ে যাবেন। এ জন্য চূড়ান্ত বহিষ্কারের লক্ষ্যে কারণ দর্শানোর চিঠি তৈরি করেও তা পাঠানো হয়নি। শুধু বিদ্রোহী ও তাঁদের মদদদাতারা যাতে ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখতে না পারেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। তবে দলের জাতীয় সম্মেলন ও ইউপি নির্বাচনের পর বিদ্রোহী ও মদদদাতাদের শাস্তির বিষয়টি পুনরায় আলোচনায় আসতে পারে। ইউপি নির্বাচন শুরু হচ্ছে ২২ মার্চ। আর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৮ মার্চ।
একজন দায়িত্বশীল নেতা পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ব্যবস্থার নেওয়া থেকে পিছিয়ে আসার ব্যাখ্যায় বলেন, দলের নীতিনির্ধারকেরা জানতে পেরেছেন যে বিদ্রোহী ও মদদদাতাদের ব্যবস্থা নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কারও কারও মধ্যে পছন্দ-অপছন্দের বিষয় চলে এসেছে। দোষী ঠিক করার ক্ষেত্রে পক্ষপাতিত্ব বা অন্যায় সুবিধা নেওয়ারও সুযোগ তৈরি হতে পারে। এ জন্যই বিষয়টি নিয়ে ইউপি নির্বাচনের আগে আর না এগোনোর সিদ্ধান্ত হয়েছে।
দলের এই শিথিল অবস্থান বা পিছু হটার বিষয়টি বিদ্রোহী ও মদদদাতারাও জেনে গেছেন। বরিশাল অঞ্চলের একটি পৌরসভার গুরুত্বপূর্ণ পদধারী পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় প্রার্থীকে হারিয়ে দেন। শপথও হয়ে গেছে তাঁর। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গণমাধ্যমের মারফত তিনি সাময়িক বহিষ্কারের ঘোষণা জেনেছেন। তবে দলীয় চিঠির মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাননি। এ রকম চিঠি বিদ্রোহীদের দেওয়া হবে জানার পর তিনি নিজেই কেন্দ্রে যোগাযোগ করেছিলেন। তাঁকে চুপ থাকতে বলা হয়েছে।
পৌর নির্বাচনের আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ সম্মেলন করে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে থাকা নেতা-কর্মীদের সাময়িক বহিষ্কারের ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, প্রত্যেককে স্থায়ী বহিষ্কার করা হবে এবং এর আগে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। পরে গত ১০ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিদ্রোহীদের মদদদাতা সাংসদ-নেতাদের বিষয়ে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের। এরপর ২৩ জানুয়ারি পৌর নির্বাচন তদারকের নেতৃত্ব দেওয়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠক করেন। ওই দিন সাংগঠনিক সম্পাদকদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। আর বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা ব্যক্তিদের ১৫ কার্যদিবস সময় দিয়ে ওই দিনই চিঠি দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বিদ্রোহীদের বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শানোর চিঠিও চলে গেছে। মদদদাতাদের বিষয়েও তদন্ত চলছে। এ সিদ্ধান্ত থেকে সরে আসার কিছু নেই।
নির্বাচন তদারকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন তিনজন দায়িত্বশীল নেতা বলেন, পঞ্চাশের অধিক বিদ্রোহী প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। এর মধ্যে বিদ্রোহী হিসেবে বিজয়ী প্রার্থীও রয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে বারণ করা হয়। আর বিদ্রোহীদের কোন কোন সাংসদ ও নেতা মদদ দিয়েছেন, এটা সব সাংগঠনিক সম্পাদক অবগত। চাইলে যেকোনো সময় প্রতিবেদন দিতে পারবেন। তবে দলের শীর্ষ পর্যায় থেকে ‘ধীরে চলো’ নীতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আর বেঁধে দেওয়া ১৫ কার্যদিবস এখনো শেষ হয়নি। ফলে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সাংগঠনিক সম্পাদকেরা।
ময়মনসিংহের ত্রিশালে বিদ্রোহী হিসেবে জয়ী হয়েছেন সাবেক মেয়র এ বি এম আনিসুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি দলের কাজ করছেন। কারণ দর্শানোর চিঠি তিনি পাননি। খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ইউপি নির্বাচনের আগে চিঠি দেওয়া হবে না।
হবিগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হয়েছিলেন দ্বিতীয়। আর দলীয় প্রার্থী হন তৃতীয়, জয়ী হন বিএনপির প্রার্থী। মিজানুর রহমান বলেন, বহিষ্কারের কথা শুনেছেন, কিন্তু কারণ দর্শানোর নোটিশ পাননি। দলে তাঁর অবস্থান কী, সেটা বুঝতে পারছেন না।
মদদদাতাদের বিষয়ে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, তৃণমূলের রাজনীতি চলে সাংসদকে ঘিরে। তাঁকেই দোষী সাব্যস্ত করলে দলে বিশৃঙ্খলা তৈরি হবে। এ জন্যই সাংসদদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার বিষয়টি এখনো পরিষ্কার নয়।
জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিদ্রোহীদের কারণ দর্শানোর চিঠি চলে গেছে—এটা আমাদের অফিশিয়াল বক্তব্য। আপনারা (সাংবাদিক) যে তথ্য পেয়েছেন, তা আমাদের কাছে সঠিক নয়। দলীয় পদে থেকে বিদ্রোহীদের সহায়তাকারীদেরও কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন সাংগঠনিক সম্পাদক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী হিসেবে অংশ নিয়ে অনেক নেতা এখনো দলীয় কর্মকাণ্ডে সক্রিয়। তাঁদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা-৭ আসনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছেন হাজি মোহাম্মদ সেলিম। এখনো মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে সক্রিয় তিনি। একই অবস্থা মেহেরপুরেও। জাতীয় নির্বাচনে মকবুল হোসেন বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে সাংসদ হন। এখন দলের মূলধারার সঙ্গে তিনি মিশে গেছেন এবং পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন।