বিদ্রোহীদের ২৪ ঘণ্টার মধ্যে সরে দাঁড়াতে বলেছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘কঠোর শাস্তিমূলক’ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানোর জন্য সাংগঠনিক চিঠিও প্রস্তুত করা হয়েছে বলে দলের অপর একটি সূত্রে জানা গেছে। আজ বৃহস্পতিবার এসব চিঠি পাঠানো শুরু হতে পারে।
দলীয় একাধিক সূত্র জানায়, গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও দীপু মনি; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজন নেতা গণভবনে গিয়ে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শেখ হাসিনা পৌর নির্বাচনের বিষয়ে খোঁজখবর নেন এবং মেয়র পদে দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই কেন্দ্রীয় দপ্তর থেকে বিদ্রোহীদের ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
অবশ্য এর আগে মঙ্গলবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আলোচনা ছিল, বিএনপি শেষ মুহূর্তে পৌরসভা নির্বাচন থেকে সরে যেতে পারে। গত দুই দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন-সংক্রান্ত বক্তব্য থেকে এমন ধারণা পাওয়া যায়। ফলে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা দলের ধানমন্ডি কার্যালয়ে গত দুই দিন একাধিক অনানুষ্ঠানিক বৈঠকে বিদ্রোহীদের বসিয়ে দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ বন্ধ রাখার পক্ষে মত দেন; যাতে বিএনপি সরে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীর সংখ্যা বেড়ে না যায়—এই চিন্তা থেকে বিদ্রোহীদের ব্যাপারে নমনীয় হন। কিন্তু গত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নেতারা আগের ধারণা থেকে সরে আসেন।
আওয়ামী লীগের হিসাব অনুসারে, বিভিন্ন পৌরসভায় দলের বিদ্রোহী প্রার্থী ৫১ জন। শুরুতে ৭৫ জন থাকলেও যাচাই-বাছাইয়ে ১৭ জন বাদ পড়েন। বাকিরা প্রত্যাহার করে নেন। দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, অন্তত ২৫টি পৌরসভায় বিদ্রোহী মেয়র প্রার্থীর শক্তিশালী অবস্থান রয়েছে।