বিদ্রোহীরা অনড়, বেকায়দায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১১টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৯ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। তাঁদের দাপটে আওয়ামী লীগের প্রার্থীরা বেকায়দায় রয়েছেন।
দলীয় সূত্র জানায়, বিদ্রোহী প্রার্থী বেশি হওয়ায় দলের তৃণমূল নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। এটা নির্বাচনের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তাঁরা। বেশির ভাগ ‘বিদ্রোহী’ প্রার্থী ভোটের মাঠে শক্তিশালী অবস্থানে রয়েছেন। অনেক ইউপিতেই দলীয় প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি ইউনিয়নে দলীয় প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ ও নির্বাচনী প্রচারশিবির ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অন্যদিকে প্রতিটি ইউনিয়নে বিএনপির একক প্রার্থী থাকায় তাঁরা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান খান বলেন, কয়েকটি ইউনিয়নে নির্বাচনী মাঠে ‘বিদ্রোহী’ প্রার্থীদের অবস্থান কিছুটা শক্তিশালী ছিল। তবে দিন দিন তাঁদের শক্তি কমে যাচ্ছে। তাঁদের নির্বাচনী প্রচার-প্রচারণাও কমে যাচ্ছে। তাঁরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন। ইতিমধ্যে সব বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফলে নেতা-কর্মীরা তাঁদের প্রত্যাখ্যান করেছেন। কয়েকটি ইউনিয়নে দলীয় প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর মূল লড়াই হতে পারে। বিদ্রোহী প্রার্থী বেশি থাকার কারণে কয়েকটি ইউনিয়নের ফলাফলও পরিবর্তন হতে পারে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, নরুন্দি ইউপিতে দলীয় প্রার্থী নাজমুল হক। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আলাউদ্দিন খান, জাহাঙ্গীর আলম, এমরুল খান, আতিকুর রহমান ও বর্তমান চেয়ারম্যান শাজাহান আলী। ইটাইলে দলীয় প্রার্থী হাফিজুর রহমান। এখানে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান হামিদুল হক ও আজম আলী। তিতপল্লায় দলীয় প্রার্থী আজিজুর রহমান। এখানে বিদ্রোহী প্রার্থী হারুন-অর-রশিদ ও সোহরাব আলী। দিগপাইতে দলীয় প্রার্থী মিজানুর রহমান। এখানে বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান। কেন্দুয়ায় দলীয় প্রার্থী মাহবুবুর রহমান। এখানে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান হান্নান মিয়া। লক্ষ্মীরচরে দলীয় প্রার্থী আফজাল হোসেন। এখানে বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন ও রফিকুল ইসলাম। তুলশিরচরে দলীয় প্রার্থী শহিদুল্লাহ শহিদ। এখানে বিদ্রোহী প্রার্থী মো. শামীম ও বর্তমান চেয়ারম্যান মমিনুল হক। রানাগাছায় দলীয় প্রার্থী আবদুল জলিল। এখানে বিদ্রোহী প্রার্থী ফারুক আদহাম। রশিদপুরে দলীয় প্রার্থী তোফজ্জল হোসেন। এখানে বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন। মেষ্টায় দলীয় প্রার্থী মিজানুর রহমান। এখানে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুল হক। শরিফপুরে দলীয় প্রার্থী রফিকুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম।
শরিফপুরের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘সদরের নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। নির্বাচনী মাঠে ভালো অবস্থানে থাকার কারণে আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকেরা হামলা ও নির্বাচনী প্রচার ক্যাম্প ভাঙচুর করে দমিয়ে রাখার চেষ্টা করছে। ত্যাগী ও গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন না দেওয়ায় এত বেশি প্রার্থী বিদ্রোহী হয়েছেন।’
মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী প্রার্থীরা দল-মনোনীত প্রার্থীদের জন্য বিষফোড়া হয়ে দেখা দিয়েছেন। তাঁদের কারণে দল-মনোনীত প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরাই এখন দলীয় প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন।