ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চার ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির চারজন এবং একই দলের এক বিদ্রোহী প্রার্থী ভোট বর্জন করেছেন। গতকাল শনিবার দুপুরে পৃথক সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ওই প্রার্থীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের সমর্থকেরা ভোট কারচুপি করেছেন। তাঁরা বিএনপির প্রার্থীদের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়ে কেন্দ্র দখল করেন।
ভোট বর্জনকারীরা হলেন ধল্লা ইউপির বিএনপির প্রার্থী মো. আবদুল আলী, বায়রা ইউপির বিএনপির প্রার্থী সেলিম মিয়া ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান হোসেন, জয়মন্টপ ইউপির বিএনপির প্রার্থী খান মোহাম্মদ হাবিবুল আলম এবং তালেবপুর ইউপির বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ।
গতকাল সকাল আটটার দিকে সিঙ্গাইরের ১১টি ইউপিতে ভোট গ্রহণ শুরু হয়। এর প্রায় তিন ঘণ্টা পর বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন আবদুল আলী।
জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, সকালে থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। কোথাও কোনো কারচুপি ও কেন্দ্র দখলের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।