বিদ্রোহে বেকায়দায় আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েও বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের প্রার্থী এইচ আর জাহিদ আনোয়ার। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছেন দলের আরও পাঁচ নেতা। প্রার্থী পরিবর্তনের দাবিতে সোচ্চার এসব নেতা গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা প্রার্থী পরিবর্তন দেখতে চান। তাঁরা আশাহত হয়েছেন। এমন পরিস্থিতির উদ্ভব হবে আমরা ভাবতেও পারিনি। দলীয় প্রধান শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের আমরা পরিস্থিতি অবহিত করব।’
দলীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাতে জামালপুর সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জামালপুর-৩ আসনের সাংসদ এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করিম হীরা, জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খানসহ জ্যেষ্ঠ নেতারা এতে উপস্থিত ছিলেন। সভায় জেলা কমিটির কার্যনির্বাহী সদস্যদের প্রায় সবার সম্মতিক্রমে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু কেন্দ্র তাঁকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ারকে মনোনয়ন দিয়েছে। বিষয়টি জানার পর থেকে প্রার্থী পরিবর্তনের দাবিতে গোটা জেলায় কর্মসূচি পালন করে আসছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। এর মধ্যে রয়েছে সড়ক অবরোধ, ভাঙচুর, বাস ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
সর্বশেষ গত মঙ্গলবার শহরের দেউরপাড় চন্দ্রায় এক মতবিনিময় সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে সাতটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ছয়টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ৬৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে ফারুক আহাম্মেদ চৌধুরীকে দলীয় প্রার্থী করার দাবি জানান। দাবির বিষয়টি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য একটি লিখিত আবেদনে সবার স্বাক্ষর নেওয়া হয়। এরপরও সাড়া না পাওয়ায় গতকাল বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীসহ পাঁচ নেতা মনোনয়নপত্র জমা দেন।
এ প্রসঙ্গে ফারুক আহম্মেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভোটার ও সর্বস্তরের নেতা-কর্মীদের চাপের মুখে প্রার্থী হতে বাধ্য হয়েছি। কেন্দ্রীয় নেতারা বিষয়টি বিবেচনা করবেন বলে আমার বিশ্বাস।’
বিদ্রোহী প্রার্থী হিসেবে গতকাল আরও মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ও সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল-আমিন চাঁন ও যুগ্ম সম্পাদক আইনজীবী সরওয়ার জাহান। এ ছাড়া সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর স্ত্রী আঞ্জুমান আরা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। কার্যালয় সূত্র আরও জানায়, গতকাল দুপুর ১২টার দিকে বিদ্রোহী পাঁচ প্রার্থী একযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন তাঁদের দুই শতাধিক সমর্থক। একই সময়ে দলীয় প্রার্থী জাহিদ আনোয়ার একই সময়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিতে চাইলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা পারেননি। একপর্যায়ে পুলিশ বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন।
দলীয় সূত্র বলছে, বিদ্রোহী প্রার্থী হিসেবে পাঁচজন মনোনয়নপত্র জমা দিলেও তাঁরা মূলত একসঙ্গেই আছেন। সবাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর পক্ষে কাজ করছেন। অন্যদিকে দলীয় প্রার্থী হলেও দলের বেশির ভাগ নেতা-কর্মীকে পাশে পাচ্ছেন না জাহিদ আনোয়ার। তাঁর সঙ্গে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য রেজাউল করিমসহ (রেজনু) হাতে গোনা দু-একজন। তাঁদের বেশির ভাগই আবার পদবঞ্চিত এবং বহিষ্কৃত নেতা-কর্মী। জাহিদ আনোয়ার এমনকি দলের মূলধারার নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও সুযোগ পাচ্ছেন না। সব মিলিয়ে তিনি বেকায়দায় রয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল বেলা আড়াইটার দিকে জাহিদ আনোয়ারের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এমন এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে দলের ভেতরে বিভক্তি, দলাদলি ও কোন্দল মাথাচাড়া দিয়ে উঠবে। ইতিমধ্যে দলের অভ্যন্তরে বিরোধ ছড়িয়ে পড়েছে। একাধিক বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেলে নির্বাচনটি আমাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে।’