বিদ্রোহী দুই নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু সাঈদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার। এ অংশের অপর পাঁচজনকে আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। তাঁরা হলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান, তরুণ দে, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ফেরদৌস আহমেদ ও সাবেক সহসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু সাঈদ ও আনিসুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সংস্রব না রাখতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগীসহ সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

এদিকে দলীয় একাধিক সূত্র জানায়, সর্বশেষ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিতে যাওয়ার পথে ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও সহছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিনের গাড়ি হামলার শিকার হয়। এ জন্য এসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।