দলের সিদ্ধান্ত অমান্য করে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জমান (জগলু) চৌধুরীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গত শনিবার রাতে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমানীনগর উপজেলা পরিষদের ভোট আগামী ৬ মার্চ। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের উপজেলা সভাপতি মুহাম্মদ আতাউর রহমান। বিএনপির প্রার্থী হয়েছেন ময়নুল হক চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী শিব্বির আহমদ।
শনিবার রাতের জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান।
দলীয় সিদ্ধান্তের বিষয়ে আক্তারুজ্জমান চৌধুরী বলেন, তিনি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে এসেছেন। এর আগে স্থানীয় নির্বাচনগুলোতে তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষিত হওয়ায় তাঁর মতো অনেককেই বহিষ্কার করা হয়। তবে তাঁরা দলকে বিজয় উপহার দিয়ে আবার দলে ফিরেছেন। তিনিও জয়ী হয়ে আবার দলে ফিরবেন।