বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ জুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে উপজেলার সাপমারা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আকন্দ। ফলে শাকিলের বহিষ্কারের দাবিতে গতকাল রোববার গাইবান্ধা শহরে মানববন্ধন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগদলীয় চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, ‘বিদ্রোহী প্রার্থীর কারণে ইউনিয়নে নৌকার ভোট ভাগাভাগি হবে। ভোট ভাগ হলে আমি ক্ষতিগ্রস্ত হব।’

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শহরের ডিবি রোডের কাচারিবাজার এলাকায় গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ওই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী, ছাত্রলীগ গোবিন্দগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুম মণ্ডল, সদস্য সাবু শেখ, সুকুমার চন্দ্র দাস, নুর আলী প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, শাকিল আকন্দ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। সংগঠনের নীতিমালা অনুযায়ী, তাঁর সংগঠনে থাকার অধিকার নেই। কিন্তু তিনি সংগঠনকে ব্যবহার করে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই অবিলম্বে শাকিলকে ছাত্রলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা প্রয়োজন। শাকিল আকন্দ বলেন, ‘দল আমার মূল্যায়ন করেনি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’