সুনামগঞ্জের দিরাই উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে দলীয় নেতা-কর্মীরা কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে বেকায়দায় পড়েছেন দলীয় প্রার্থীরা।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার জগদল ও ভাটিপাড়া ইউপিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন না। ভাটিপাড়া ইউপির দলীয় প্রার্থী হুমায়ূন রশীদ চৌধুরী জানান, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে দলের উপজেলা ও ইউপির নেতারা তাঁর বিরোধিতা শুরু করেন। এখনো করছেন। হুমায়ূন রশীদ বলেন, ‘আমি নৌকার প্রার্থী। অথচ দলের পদধারী নেতারা শুরু থেকেই আমার বিপক্ষে। এঁরা ব্যক্তিস্বার্থে নৌকার বিরোধিতায় নেমেছেন। কর্মীরা এখন বিষয়টি বুঝতে পেরেছেন। তবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, এখানে নৌকার জয় হবেই।’
জগদল ইউপির দলীয় প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, উপজেলার নেতাদের ইশারায় স্থানীয় নেতারা তাঁর বিরোধিতায় নেমেছেন। তিনি বলেন, ‘প্রতিহিংসা থেকে এটা করা হচ্ছে। এতে দল এবং নৌকাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা নেতাদের ডেকে পাই না, অথচ বিদ্রোহী প্রার্থীদের নিয়ে প্রচারণা চালান তাঁরা। এটা দুঃখজনক।’
দলের নেতা-কর্মী ও দলীয় দুই প্রার্থী সূত্রে জানা গেছে, ২ মে মনোনয়ন জমা দেওয়ার আগে দিরাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রার্থীদের পরিচিতি সভা হয়। প্রার্থীদের পরিচয় করিয়ে দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া। সভায় উপজেলার নয়টি ইউপির মধ্যে সাতটির দলীয় প্রার্থী উপস্থিত ছিলেন। ভাটিপাড়া ও জগদল ইউপির দলীয় প্রার্থী সেখানে ছিলেন না। কিন্তু পৌর মেয়র মো. মোশারফ মিয়া তখন ভাটিপাড়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কাজী এবং জগদল ইউপিতে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর ও গবেষণা সম্পাদক শিবলি হাসান বেগকে পরিচয় করিয়ে দেন।
দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া বলেছেন, ‘আমরা অবশ্যই নৌকার পক্ষে। পরিচিতি সভার আগে মাইকিং করে সবাইকে দলীয় কার্যালয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু ওই দুই প্রার্থী সেদিন আসেননি। সেখানে তখন শাহজাহান কাজী ও শিবলি হাসান উপস্থিত ছিলেন। তাঁদের দলীয় প্রার্থী নয়, দলের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। প্রথম আলোকে তিনি আরও বলেন, ‘আমরা এখন উপজেলার রফিনগর ইউপির দলীয় প্রার্থীর সঙ্গে গণসংযোগে আছি। আমরা সবখানেই যাব। নৌকার কথা বলব।’
কিন্তু জগদল ও ভাটিপাড়া ইউপির দলীয় প্রার্থীদের অভিযোগ, প্রার্থীদের পরিচিতি সভায় তাঁদের ডাকা হয়নি। কোনো নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। সভায় বিদ্রোহীদের পরিচয় করিয়ে দিয়ে তাঁদের নিয়ে মনোনয়ন জমা দেন দলের উপজেলা ও ইউনিয়ন শাখার নেতারা। এখন বিদ্রোহীদের পক্ষে কাজ করছেন তাঁরা।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহেল আহমদ বলেছেন, ‘প্রার্থীদের পরিচিতি সভায় আমিও ছিলাম। ভাটিপাড়া ও জগদল ইউপিতে দলীয় প্রার্থীর বাইরে যে দুজন প্রার্থী হয়েছেন সেদিন তাঁরাও সেখানে ছিলেন। তাঁরা আমাদের দলেরই নেতা। সমস্যা হলো ওই দুই ইউপির দলীয় প্রার্থীদের তৃণমূলের নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন, দলীয় প্রার্থীর পক্ষে দলের সব নেতা-কর্মীকে অবশ্যই থাকতে হবে এবং কাজ করতে হবে। যাঁরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করবেন তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে কাজ করা হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার নয়টি ইউপিতে ২৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।